ইউরোর পরই ইতি দেল বস্কের
২০১৬ সালের ইউরোর পর স্পেন দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
ফ্রান্সে ইউরোর আগামী আসরে টানা তৃতীয় শিরোপা জেতার লক্ষ্যে খেলতে যাবে স্পেন। টুর্নামেন্টের পরেই কোচের পদ থেকে সরে যাওয়ার বিষয়টি স্পেনের সংবাদপত্র এএসকে জানান দেল বস্ক।
স্পেন কোচ জানান, জীবনে কোনো কিছু সম্পর্কেই পুরোপুরি নিশ্চয়তা দেয়া যায় না; তবে ফ্রান্স ২০১৬ এর পর স্পেনের কোচের দায়িত্বে থাকবেন না বলেই তিনি ঠিক করেছেন।
দায়িত্ব ছাড়লেও ফুটবল আর স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত থাকার ইচ্ছার কথা জানান বর্ষীয়ান এই কোচ।
ব্রাজিলে হতাশার এক বিশ্বকাপ কাটানোর পর স্পেন দলকে নতুন করে গড়ে তোলার কাজ করছেন দেল বস্ক। শিরোপাধারী হিসেবে ব্রাজিল গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন।
মোটামুটি তরুণদের নিয়ে তৈরি দল নিয়েই ইউরোর বাছাই খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা।
