রোনালদোর প্রশংসার বিশেষণ নেই সান্তোসের
ইউরো বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালকে জয় এনে দেয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসালেন ফের্নান্দো সান্তোস। রিয়াল মাদ্রিদের তারকার প্রশংসা করতে গিয়ে বিশেষণের ভাণ্ডারও ফুরিয়ে গেছে পর্তুগাল কোচের।
মঙ্গলবার ডেনমার্কের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে পর্তুগাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো।
রিকার্দো কুয়ারেসমার একটি ক্রস থেকে অসাধারণ এক হেডে গোলটি করেন পর্তুগালের অধিনায়ক। রোনালদোর এই পারফরম্যান্সে পর্তুগালের নতুন কোচ দারুণ মুগ্ধ।
"ক্রিস্তিয়ানো ক্রিস্তিয়ানোই। সে একজন বিজয়ী এবং তাকে বর্ণনা করার মতো কোনো বিশেষণ নেই।"
দুর্দান্ত হেডটি নিয়ে ম্যাচ শেষে কথা বলতে হয় রোনালদোকেও। রিয়াল মাদ্রিদের তারকা নিজের কাজে নিজেই মুগ্ধ।
"আপনার মুভমেন্টে কিছু চালাকি প্রয়োজন। আমি কুয়ারেসমাকে জানি এবং কম বেশি এটাও জানতাম সে বলটা কোথায় দিতে পারে। এ কারণেই আমি কাছের পোস্টে যাই।"
দলের জয়ে দারুণ খুশি রোনালদো।
"৯০ মিনিটে দল যে কাজ করেছে তাতে আমি দারুণ খুশি। জয়সূচক গোলটি আমাদের প্রাপ্য ছিল। কারণ আমরা বেশি সুযোগ তৈরি করেছি। দলকে অভিনন্দন জানানো দরকার।"
