রোনালদোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালের জয়
দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে দারুণ এক গোল করে পর্তুগালকে জয় এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রথম জয় পেয়েছে পর্তুগাল।
৯০ মিনিট পর্যন্ত পর্তুগালকে ঠেকিয়ে রেখেছিল ডেনমার্ক। যোগ করা সময়ে আর পারেনি। রিকার্দো কারেসমার কর্নারে মাথা ছুঁইয়ে গোলের আনন্দে মাতেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো।
বাছাইয়ে আলবেনিয়ার কাছে হারের পর প্রীতি ম্যাচে ফ্রান্সের সঙ্গেও পেরে উঠেনি পর্তুগাল। তবে ফিফা বর্ষসেরা ফুটবলারের গোলে জয়ে ফিরেছে দেশটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে আক্রমণের চেয়ে বল পায়ে রাখার প্রতিই বেশি মনোযোগী ছিল ডেনমার্ক। এর মধ্যে সুযোগ তৈরি করলেও স্বাগতিকদের রক্ষণ দেয়াল টপকাতে পারেনি পর্তুগাল।
প্রথমার্ধে গোলের সেরা সুযোগ তৈরি করে ডেনমার্কই। ৩৪তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে যায় তারা। ক্রিস্টিয়ান এরিকসনের কাছ থেকে পাওয়া বল বেশ খানিকটা এগিয়ে গিয়ে ধীরেসুস্থে শট নেন নিকোলাই বোয়েলসন। পর্তুগাল গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লেগে বল ফিরে আসে।
গোলের জন্য মরিয়া পর্তুগাল দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে যায়। কিন্তু ৫১তম মিনিটে রোনালদো ও পরের মিনিটে উইলিয়াম কারভালিও জাল খুঁজে নিতে ব্যর্থ হলে অতিথিদের হতাশা আরো বাড়ে।
তবে যোগ করা সময়ে রোনালদোর গোল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা। তার অধীনে এটাই পর্তুগালের প্রথম জয়।
