জয়ে ফিরেছে স্পেন
স্লোভাকিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে স্পেন। ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে লাক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনের জয়ে অবশেষে গোল পেয়েছেন চেলসির ফরোয়ার্ড দিয়েগো কস্তা। অন্য তিনটি গোল দাভিদ সিলভা, হুয়ান বের্নাত ও পাকো আলকাসেরের। দুই অর্ধে দুটি করে গোল করে স্পেন।
স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ইউরোর শেষ দুটি আসরের চ্যাম্পিয়ন স্পেন।
রোববার ১৯তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ পান কস্তা। তবে বাইরে মারেন ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকার। ছয় মিনিট পর আবার সুযোগ পান তিনি। এবার সরাসরি গোলরক্ষকের দিকে মারেন চেলসির এই ফুটবলার।
২৭তম মিনিটে এগিয়ে যায় স্পেন। বিপদমুক্ত করতে গিয়ে উল্টো সিলভাকে বল দেন লাক্সেমবার্গের একজন খেলোয়াড়। সুযোগ কাজে লাগাতে ভুল করেন সিলভা। বার ঘেঁষে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
পাঁচ মিনিট পর ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পান কস্তা। অফসাইড ফাঁদ ভেঙে বল পান তিনি। সামনে ছিলেন কেবল গোলরক্ষক। তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে চেয়েছিলেন কস্তা। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলকাসের। সিলভার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে অবশেষে গোল পান কস্তা। জটলা থেকে স্পেনের যে কেউই গোলটি পেতে পারতেন। স্পেনের হয়ে এটাই ব্রাজিলে জন্ম নেয়া কস্তার প্রথম গোল।
৮৮তম মিনিটে বের্নাতের গোলে নিশ্চিত হয়ে যায় স্পেনের বড় জয়। রদ্রিগোর চমৎকার পাসটিকে গোলে পরিণত করেন তিনি।
অন্য ম্যাচে বেলারুশকে ৩-১ গোলে হারায় স্লোভাকিয়া। টানা তিন ম্যাচে জিতে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি।
তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে স্পেন। গোল পার্থক্যে পেছনে পড়ে তিন নম্বরে রয়েছে ইউক্রেন। দিনের অন ম্যাচে মেসিডোনিয়াকে ১-০ গোলে হারায় তারা।
