কনুইয়ের গুঁতোয় দাঁত খোয়ালেন মেদেল
ফুটবল খেলতে নেমে দাঁত খোয়ালেন চিলির গারি মেদেল। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রিনাল্দো ক্রুসাদোর কনুইয়ের গুঁতোয় দুর্ঘটনাটি ঘটে।
গত শুক্রবার চিলির ৩-০ ব্যবধানে জেতা ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে অঘটনটা ঘটে। পেরুর মিডফিল্ডার ক্রুসাদোর কনুইয়ের গুঁতোয় মেদেলের একটি দাঁত সঙ্গে সঙ্গে পড়ে যায়। আরেকটি দাঁত ভেঙে যায়। শুধু তাই নয়, রক্ত পড়া বন্ধ করতে তার জিহবায় সেলাইও করতে হয়েছে।
পরে টুইটারে ইন্টার মিলানের খেলোয়াড় মেদেল লেখেন, “ ‘প্রীতি’ ম্যাচে একটা দাঁত হারালাম আর আরেকটি ভাঙলো।”
আহত হয়ে মাঠ ছাড়ার আগে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন মেদেল।
বিপজ্জনক ওই ফাউল করায় ক্রুসাদোকে লাল কার্ড দেখান রেফারি।
