অ্যাওয়ে গোলে ফল নিষ্পত্তি নিয়ে ফিফা প্রধানের প্রশ্ন
নক আউট পর্বের হোম-অ্যাওয়ে টাই ম্যাচে প্রতিপক্ষের মাঠে বেশি গোলে জয়ী নির্ধারণের প্রচলিত নিয়ম বদলানোর পক্ষে মত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জেপ ব্লাটার। বর্তমান নিয়মকে ‘পুরোনো’ বলেছেন তিনি।
১৯৬০ সালের মাঝামাঝিতে অ্যাওয়ে গোলের ভিত্তিতে জয়ী দল নির্ধারণের নিয়ম প্রবর্তন করা হয়। দুই লেগ মিলিয়ে দুই দলের গোল সমান হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকা দলটিকে জয়ী হিসেবে বিবেচিত হয়। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগসহ বিভিন্ন দেশের ঘরোয়া লিগে এই নিয়ম চালু আছে।
এই নিয়মের আগ পর্যন্ত দুই লেগের খেলায় ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব না হলে ‘টস’ করে জয়ী দল নির্ধারণ করা হত। তবে ব্লাটার অ্যাওয়ে গোলের বর্তমান নিয়ম নিয়েই প্রশ্ন তুলেছেন।
“বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ১৯৬০ সালের পর ফুটবল অনেক এগিয়েছে; অ্যাওয়ে গোলের নিয়ম নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে। অ্যাওয়ে গোলের বর্তমান নিয়মের আসলে কি কোনো অর্থ আছে?”
ব্লাটার আরো লিখেছেন, দ্বিতীয় লেগে নির্ধারিত নব্বই মিনিটের খেলার পরও ম্যাচের ভাগ্য ‘টাই’ থাকলে অতিথি দল গোল দেয়ার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় পায়।
তাই অ্যাওয়ে গোলের প্রচলিত নিয়ম বদলানোর পরামর্শ দিয়েছেন ব্লাটার। তার মতে, মেজর সকার লিগের প্লেঅফ ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে যে নিয়ম মানা হয়, সেটাই প্রবর্তন করে দেখা যেতে পারে।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে অতিরিক্ত ৩০ মিনিটে অ্যাওয়ে গোলের সুবিধা দেয়া হয় না। তখন দুই দলই কোনো গোল না করলে বা সমান গোল করলে খেলা গড়ায় টাইব্রেকারে।
