রিয়ালের বিপক্ষে আতলেতিকোর প্রেরণা সুপার কাপ
প্রীতি ম্যাচ আর ইউরো বাছাই-আন্তর্জাতিক ফুটবলের রোমাঞ্চ শেষে আবার শুরু হতে যাচ্ছে লা লিগার লড়াই। আর এ লড়াইয়ের শুরুর দিনে ফুটবল রোমাঞ্চপিয়াসীদের চোখ স্বাভাবিকভাবেই থাকবে সান্তিয়াগো বের্নাবেউতে। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে লা লিগার গত মৌসুমের শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদকে।
এক মাসের মধ্যে মাদ্রিদের দুই ক্লাবের এটা তৃতীয় সাক্ষাৎ। এই তিন বারের দেখার সর্বশেষটি ছিল স্পেনের সুপার কাপে। শক্তিশালী নগর প্রতিপক্ষকে সেবার পেছনে ফেলে সুপার কাপের শিরোপা জেতে আতলেতিকো। বের্নাবেউয়ের এবারের লড়াইটির আগে ওই ম্যাচটিই প্রেরণা আতলেতিকোর।
শনিবার বাংলাদেশ সময় রাত ১২টার ম্যাচটি রিয়ালের জন্য একটু অন্যরকম। আতলেতিকোর চেয়ে তাদের লড়াইটা বেশি নিজেদের ফিরে পাবার। আর সেই লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদ কোচ তার পুরো শক্তির দলই পাচ্ছেন।
