২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির গোলে জিতল ইংল্যান্ড

নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় দিয়ে ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়াটা উদযাপন করলেন ওয়েইন রুনি। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:47 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

ব্রাজিল বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামে ইংল্যান্ড দল। ২০১৪ বিশ্বকাপে একটিও জয় না পাওয়া ইংল্যান্ড দল থেকে সেদেশের সমর্থকদের মুখ ঘুরিয়ে নেয়ার প্রমাণ মেলে নরওয়ের বিপক্ষে এই ম্যাচে।

৯০ হাজার ধারণক্ষমতার ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ডের খেলা দেখতে মাত্র ৪০ হাজার ১৮১ জন দর্শক ছিলেন।

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আগে প্রীতি ম্যাচটি দেখতে যারা মাঠে আসেন, প্রথমার্ধে তাদের ভালো খেলাই উপহার দেন রুনি আর তার সতীর্থরা। তবে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড।

লিভারপুলের ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের আদায় করা পেনাল্টি থেকে ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক রুনি।

একই দিনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও রাশিয়া।

চেক প্রজাতন্ত্রের মাঠে যুক্তরাষ্ট্রের জয়টি ১-০ গোলে। ডেনমার্ক থেকে তুরস্ক ফেরে ২-১ গোলের জয় নিয়ে। আর নিজেদের মাঠে রাশিয়ার ৪-০ গোলের জয়টি আজারবাইজানের বিপক্ষে।