বক্সার শামীমার চোখে অনেক স্বপ্ন
একটু আগেই বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে কুপোকাৎ করে এলেন শামীমা আক্তার। মেয়েদের জুনিয়র বক্সিংয়ে সোনা জেতার পর জানালেন, ক্রিকেট আর ফুটবলেও আছে তার সমান আগ্রহ।
ওয়ালটন রেফ্রিজারেটর প্রথম জাতীয় মহিলা জুনিয়র বক্সিং প্রতিযোগিতার বাংলাদেশ আনসারের হয়ে ৪৫ কেজি ওজন শ্রেনীতে সোনা জেতা শামীমা প্রতিযোগিতারও সেরা খেলোয়াড় হয়েছে।
রোববার নিজের ইভেন্টে সোনা জেতায় ৭ হাজার এবং প্রতিযোগিতার সেরা হওয়ায় আরো ২০ হাজার টাকা আনসারের কাছ থেকে পাবে শামীমা। পুরো টাকাটা বাবা-মায়ের হাতে তুলে দেবে সে।
বাবা-মায়ের একমাত্র সন্তান শামীমা পড়ে ক্লাস এইটে। বক্সিংয়ের আগে ফুটবলে আগ্রহ ছিল তার।
“ফুটবল ভালো খেলতাম। ফুটবল মাঠ থেকে ফজলু স্যারের পছন্দ হলো। তিনি বক্সিংয়ে নিয়ে এলেন।”
আর বক্সিং রিংয়ে এসেই বাজিমাত করে দিল যশোরের পালবাড়ি থেকে উঠে আসা মেয়েটি।
বছরখানেক আগে যশোর বক্সিং ক্লাবে নাম লেখায় শামীমা। ফজলুর রহমানের পরিচর্যায় সাফল্য এল অল্প কদিনেই।
মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে পড়া শামীমার এর পরের লক্ষ্যটা বড়ই। শুধু বক্সিংয়ের রিংয়ে নিজেকে আটকে রাখার ইচ্ছা নেই। সুযোগ পেলে ফুটবলার কিংবা ক্রিকেটার হয়ে উঠতে চায় সে। বক্সিংয়ের অনুশীলনের ফাঁকে সময় মিললে ফেন্সিংয়ে যাওয়ার ইচ্ছাও আছে তার।
