২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা ফরাশগঞ্জ-ওয়ারীর, নিষিদ্ধ মারুফুল

পাতানো ম্যাচ খেলায় ফরাশগঞ্জ ও ওয়ারীর পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 10:37 PM

Updated : 13 Oct 2022, 12:29 PM

রোববার পেশাদার লিগ কমিটির সভায় দুটি ক্লাবকে আর্থিক জরিমানাও করা হয়। ফরাশগঞ্জকে ৫ লাখ টাকা ও ওয়ারীকে ৪ লাখ টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া বাফুফের ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙার দায়ে শেখ রাসেলের সাবেক কোচ মারুফুল হককে এক বছরের জন্য নিষিদ্ধ করে কমিটি।

প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের গত ২১ মের ম্যাচে ওয়ারী ২-০ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ফরাশগঞ্জের কাছে ৩-২ গোলে হেরে যায়।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী রোববার বলেন, “পাতানো ম্যাচ রোধ কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে ফরাশগঞ্জ-ওয়ারীর ম্যাচটি পাতানো ছিল। বাইলজ অনুযায়ী ফরাশগঞ্জের ৯ পয়েন্ট ও ওয়ারীর ৬ পয়েন্ট কেটে নেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আগামীতে তাদের খেলার ওপর কড়া নজর রাখা হবে।”

অবশ্য ৯ পয়েন্ট কাটা গেলেও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে ফরাশগঞ্জ। চ্যাম্পিয়নশিপ লিগের আগের টেবিলে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ ছিল ফরাশগঞ্জ। ৯ পয়েন্ট কাটা গেলেও ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাঙ্কের (২৬ পয়েন্ট) ওপরেই থাকবে তারা। চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলের প্রিমিয়ার লিগে খেলার কথা।

অর্থাৎ শাস্তি পেলেও প্রিমিয়ারে খেলার ছাড়পত্র পাচ্ছে ফরাশগঞ্জ!

৬ পয়েন্ট কাটা যাওয়ায় ২২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগের বর্তমান টেবিলে চতুর্থ স্থানে থাকা ওয়ারীর একধাপ অবনমন হবে। সেক্ষেত্রে আরামবাগ পঞ্চম (২১ পয়েন্ট) থেকে চতুর্থ স্থানে উঠবে।

এছাড়া শাস্তি দেয়া হয়েছে ওয়ারী ক্লাবের তিন কর্মকর্তা ও চার ফুটবলারকে। ওয়ারী ক্লাবের যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মহিদুর রহমান মিরাজকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে সদস্য এস এম ফরিদ ও সেক্রেটারি আব্দুর রাজ্জাক দিলীপকে।

ওয়ারী ক্লাবের গোলরক্ষক উথিং সিং মারমাকে ৩ ম্যাচ এবং ডিফেন্ডার আবুল হাসনাথ বিপুল, মো. সাইফুল ইসলাম ও মো. রোমানকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কমিটি।

মারুফুল হকের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এসেছে বাফুফের শৃঙ্খলা (ডিসিপ্লিনারি) কমিটির কাছ থেকে। শেখ রাসেলের কোচ থাকার সময় লিগ কমিটির সদস্যদের পদত্যাগ চেয়েছিলেন তিনি। এছাড়া ব্রাজিল বিশ্বকাপ চলার সময় ফেডারেশনের সমালোচনা করে তার বলা কথাগুলো আচরণবিধির লংঘন বলে মনে হয়েছে শৃঙ্খলা কমিটির। এজন্য তাকে ফুটবলের সব ধরণের কর্মকাণ্ড থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে শৃঙ্খলা কমিটি।

এছাড়া কমিটির সভায় আগামী ২৫ অক্টোবরে সুপার কাপ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।