১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সেনেটরকে তীব্র ভাষায় বিঁধলেন এমবাপে

প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল কিলিয়ান এমবাপেকে চড় মারা, এমন কথাও সেলেস্তে আমারিয়া লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে।

বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সেনেটরকে তীব্র ভাষায় বিঁধলেন এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 10:48 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

কিলিয়ান এমবাপেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে বর্ণবাদী আক্রমণ করেছিলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া। তাকে তীব্র ভাষায় পাল্টা জবাব দিলেন ফরাসি অধিনায়কও। ওই সেনেটরকে ‘ঘৃণ্য মহিলা’ উল্লেখ করে, এমবাপে বলেছেন, ওই পদে থাকার অযোগ্য তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে ছিটকে যায় প্যারাগুয়ে। ফ্রান্সের জয়সূচক গোলটি পেনাল্টি থেকে করেন এমবাপে। ফিলাডেলফিয়ার উত্তেজনায় ঠাসা ওই ম্যাচে প্যারাগুয়ের হারে ক্ষোভ উগরে দেন সেলেস্তা। তীর্যক ভাষায় তিনি আক্রমণ করেন এমবাপেকে।

এক্স-এ (পূর্বের টুইটার) দীর্ঘ পোস্টে সেলেস্তা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। সেখানে তিনি এমবাপেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন, যে নিজেকে ফরাসি হিসেবে জাহির করার চেষ্টা করছে’ এবং তাকে লিখতে না জানা ‘বর্বর’ বলে বর্ণনা করেন। ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল এমবাপেকে চড় মারা, এমন কথাও লিখেন ওই সেনেটর।

এরপর, কড়া ভাষায় পাল্টা বিবৃতি দিয়েছেন এমবাপেও। সেখানে ফরাসি অধিনায়ক, প্যারাগুয়ের দলের প্রশংসাও করে বলেন, আমারিয়া ওই পদে থাকার যোগ্য নন এবং তিনি প্যারাগুয়েকে বিশ্বের সামনে জঘন্যভাবে তুলে ধরছেন।

“ম্যাডাম সেলেস্তা আমারিয়া, আপনি একজন ঘৃণ্য মহিলা এবং আপনি ওই পদের অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি এই প্রতিযোগিতায় আবেগ ও সম্মানের সাথে লড়াই করেছে।

“আপনার বেপরোয়া মনোভাব ও নির্লজ্জ বর্ণবাদের কারণে, আপনার খেলোয়াড়দের এই বিশ্বকাপে ঐতিহাসিক প্রচেষ্টা ও তাদের পথচলা গোটা বিশ্ব ইতোমধ্যেই ভুলে গেছে এবং তাদের সামনে এমন একজন অযোগ্য মহিলা জায়গা করে নিয়েছে, যিনি তার দেশের সবচেয়ে খারাপ ভাবমূর্তি তুলে ধরেন।”

বর্ণবাদী আচরণ করা কাউকে ‘স্বাধীনভাবে’ বর্ণবাদ ও ঘৃণা ছড়াতে না দেওয়ার কথাও বিবৃতিতে লিখেছেন ৭ গোল করে ফ্রান্সকে কোয়ার্টার-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপে।

ফেঞ্চ ফুটবল ফেডারেশনও (এফএফএফ) এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে। প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যকে ‘চরম ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ফৌজিদারি অভিযোগ দায়ের করার পরিকল্পনার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।

“এ ধরনের মন্তব্য অপরাধমূলক এবং নিন্দনীয়। অন্যান্য সব ক্ষেত্রের মতো এখানেও তাদের বিচার করতে হবে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এফএফএফ বিষয়টি পাবলিক প্রসিকিউটরের কার্যালয়কে অবহিত করছে।

“এ ধরণের মন্তব্যগুলো যারা করে এবং যারা ছড়ায়, এগুলো তাদের জন্যই লজ্জা বয়ে আনে। জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে; ওই মন্তব্যগুলো করে আমাদের দেশকেই অপমান করা হচ্ছে।”