শাস্তি কমেনি সুয়ারেসের
লুইস সুয়ারেসকে দেয়া ফিফার নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। তবে নতুন ক্লাব বার্সেলোনায় অনুশীলন করার অনুমতি মিলেছে উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এই অপরাধে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।
বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেস ওই শাস্তির বিরুদ্ধে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমায়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
তারপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। গত শুক্রবার লোজানে সিএএসের প্রধান কার্যালয়ে শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় দেয় সিএএস।
শুনানিতে অপরাধের তুলনায় সুয়ারেসের শাস্তি বেশি হয়েছে বলে যুক্তি দেখান আইনজীবীরা। তারা চার মাসের নিষেধাজ্ঞা কমানোর পক্ষে জোরালো যুক্তি দেখিয়েছিলেন। তাদের অন্যতম চাওয়া ছিল, শাস্তি চলাকালেও সুয়ারেস যেন বার্সেলোনার সঙ্গে অনুশীলন করতে পারেন।
