২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মৌসুমে পুরানো রোনালদো

গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপের প্রতিযোগিতার মৌসুম শুরুর ম্যাচ উয়েফা সুপার কাপের ফাইনালে জোড়া গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:12 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

পুরনো খবর:

রিয়াল মাদ্রিদে সুখের আবেশ

মঙ্গলবার রোনালদোর জোড়া গোলেই উয়েফা সুপার কাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩০তম মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে প্রথম গোলটি পান রোনালদো। দ্বিতীয় গোলটি তিনি পান বিরতির ঠিক পরপরই।

গত মৌসুমে ইউরোপের প্রতিযোগিতার শেষ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন রোনালদো। আর এবার প্রথম ম্যাচে পেলেন জোড়া গোল।

অথচ এই ম্যাচের আগে রোনালদোকে নিয়ে অনেকেই যেন একটু সংশয়ে ছিলেন। ব্রাজিলে পর্তুগালের হয়ে হতাশার এক বিশ্বকাপ কাটিয়ে আসেন তিনি। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তার দল।

কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেই রোনালদো ফেরেন তার সেই পুরানো রূপে। পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলা রোনালদো প্রথমবারের মতো তার ট্রফি-কেসে যোগ করেন উয়েফা সুপার কাপের শিরোপা।

"এই একটা ট্রফিই আমার সিভিতে ছিল না এবং আমি সত্যিকার অর্থেই এটা জিততে চেয়েছিলাম।"

নিজের স্বরূপে ফেরার পাশাপাশি দল শিরোপা জেতায় খুশি রোনালদো।

"ঠিকভাবে মৌসুমটা শুরু করেছি আমরা। এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা।"

একটা ইঙ্গিত পেয়ে খুশি রোনালদোর ভক্তরাও। উয়েফা সুপার কাপে তার জোড়া গোলের পর অনেকেই ভাবছেন, নতুন মৌসুমেও রোনালদো গতবারের মতো গোলে ভাসবেন।

গত মৌসুমে লিগে ৩১ গোল করেন রোনালদো। আর চ্যাম্পিয়ন্স লিগে ১৭ গোল করে গড়েন এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।