রিয়াল মাদ্রিদে সুখের আবেশ
শিরোপা জিতে মৌসুম শুরু করতে পেরে রিয়াল মাদ্রিদে ছড়িয়ে পড়েছে সুখের আবেশ। উয়েফা সুপার কাপের ফাইনালে স্বদেশি ক্লাব সেভিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পর কোচ কার্লো আনচেলত্তি ও ম্যাচের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর কথায় বেরিয়ে এলো সেটাই।
মঙ্গলবার নিরপেক্ষ ভেন্যু কার্ডিফে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেভিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল মাদ্রিদ। দলের খেলার এই ধরণে বেশ খুশি আনচেলত্তি।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামায় বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ। গ্যারেথ বেল, রোনালদো আর হামেস রদ্রিগেস-রিয়াল মাদ্রিদের আক্রমণের এই ত্রয়ীর মিলিত মূল্য ২২ কোটি ৮০ লাখ পাউন্ড। তিনজনই সেভিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেন।
এই ত্রয়ীর আক্রমণে ত্রস্ত হয়ে পড়ে সেভিয়ার রক্ষণভাগ। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে জয়টি ২-০ গোলের নয়, হতে পারত আরো অনেক বড়।
"অসাধারণ মানের একটি দল আছে আমাদের-দুর্দান্ত এক দল খেলোয়াড়ের কোচ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।"
রোনালদোর জোড়া গোলেই জয় পায় রিয়াল। তবে পর্তুগালের এই ফরোয়ার্ড বেশি খুশি হয়েছেন শিরোপা নিয়ে সান্তিয়াগো বার্নাবেউতে ফিরতে পেরে।
