বার্সেলোনার রক্ষণে এবার যোগ ভারমালেন
আর্সেনাল থেকে স্পেনের বার্সেলোনায় যোগ দিলেন টমাস ভারমালেন। বেলজিয়ামের এই ডিভেন্ডারের ট্রান্সফার নিয়ে নিয়ে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে।
শনিবার বার্সেলোনা জানায়, আর্সেনালকে নেতৃত্ব দেয়া ভারমালেনের সঙ্গে তাদের চুক্তি পাঁচ বছরের।
আমস্টারডাম থেকে ২০০৯ সালে আর্সেনালে গিয়ে ছয় মৌসুম কাটান ২৮ বছর বয়সী ভারমালেন। এর আগে আয়াক্সকেও নেতৃত্ব দেন তিনি। আর্সেনালের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৫০টি ম্যাচ খেলে ১৫টি গোলও পান সুগঠিত দেহের অধিকারী এই ফুটবলার।
২০০৬ সালে বেলজিয়াম দলে অভিষেক হওয়ার পরে ব্রাজিল বিশ্বকাপেসহ ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই সেন্টার ব্যাক।
ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো শিরোপা ছাড়াই গত মৌসুমটা শেষ করে বার্সেলোনা। এর পেছনে বড় একটি কারণ ছিল তাদের নড়বড়ে রক্ষণভাগ। রক্ষণভাগ শক্তিশালী করতে সম্প্রতি ভালেন্সিয়া থেকে ফ্রান্সের ডিফেন্ডার জেরেমি ম্যাথিউকে দলে টানে তারা। ম্যাথিউও খেলেন ভারমালেনের মতো সেন্টার ব্যাকে।
আগামী ২৪ অগাস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সেলোনা।
