এবার ইউরোপের টুর্নামেন্টে 'ভ্যানিশিং স্প্রে'
বিশ্বকাপে সফল ব্যবহারের পর ইউরোপের শীর্ষ টুর্নামেন্টেগুলোতে 'ভ্যানিশিং স্প্রে' ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
শুক্রবার উয়েফা জানায়, সফল পরীক্ষার পর ইউরোপের ফুটবল প্রতিযোগিতায় এটা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
ফ্রি-কিকের সময় রক্ষণ দেয়াল নির্দিষ্ট করে দিতে ব্রাজিল বিশ্বকাপে ভ্যানিশিং স্প্রে ব্যবহার করেন রেফারিরা।
এ বছরের গোড়ার দিকে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে 'ভ্যানিশিং স্প্রে' ব্যবহার করা হয়। এরপরই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ইউরোপের প্রতিযোগিতায় এটি ব্যবহারের সবুজ সংকেত দেন।
আগামী মঙ্গলবার উয়েফা সুপার কাপের ফাইনালে 'ভ্যানিশিং স্প্রে' ব্যবহার করা হবে। ম্যাচটিতে মুখোমুখি হবে স্পেনের দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা কাপ জেতা সেভিয়া।
বিশ্বকাপের পর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ও ইতালির সেরি আতেও ‘ভ্যানিশিং স্প্রে’ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়।
