২০০ মিটারে নতুন লক্ষ্য বোল্টের
ক্যারিয়ারে সব অর্জন করা শেষ; তাই নতুন লক্ষ্য ঠিক করলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ২০০ মিটার দৌড়ের টাইমিংটা ১৯ সেকেন্ডের নিচে নামিয়ে আনতে চান জ্যামাইকার এই দৌড়বিদ।
১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডটা তারই। পাঁচ বছর আগে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়েছিলেন ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্ট।
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪*১০০ মিটার রিলেতে জ্যামাইকাকে সোনা এনে দেয়ার পর বোল্ট বিবিসিকে বলেন, "আমি বলেছি, আমি ২০০ মিটারে ১৯ সেকেন্ডের নীচে দৌড়াতে চাই। এটা আবার সবচেয়ে বড় লক্ষ্য এবং আমার সবচেয়ে বড় স্বপ্ন।"
১০০ মিটারে বোল্টের রেকর্ড ৯.৫৮ সেকেন্ড। তবে এই ইভেন্টের চেয়ে প্রিয় ২০০ মিটার নিয়েই বেশি ভাবতে চান বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটি সোনা জয়ী এই গতি তারকা।
"আমি জানি, মানুষ আমাকে একশ মিটারে জোড়ে দৌড়াতে দেখতে চায়; কিন্তু আমি ভালোবাসি ২০০ মিটারে দৌড়ানো। আমি চাই নিজের জন্য বিশেষ কিছু করতে। তাই আমার জন্য প্রধান লক্ষ্য এই ২০০ মিটারই।"
রিও দে জেনেইরোয় ২০১৬ সালের অলিম্পিক গেমস শেষে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন উসাইন বোল্ট। তবে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেয়ার ইচ্ছার কথা জানান তিনি।
আগামী বছর অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে চীনের বেইজিংয়ে। আর ২০১৭ সালে লন্ডনে বসবে পরের আসর। মাঝে আছে রিও দে জেনেইরোর অলিম্পিক। স্বপ্ন পূরণে তাই তিনটি বড় আসর পাচ্ছেন ২৭ বছর বয়সী এই দৌড়বিদ।
