২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭ পর্যন্ত দৌড়াবেন বোল্ট

রিও দে জেনেইরোয় ২০১৬ সালের অলিম্পিক গেমস শেষে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন উসাইন বোল্ট। তবে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক জ্যামাইকার এই দৌড়বিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:02 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শনিবার রাতে গ্লাসগো কমনওয়েলথে জ্যামাইকা দলের হয়ে ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন অলিম্পিকে ছয়টি সোনাজয়ী বোল্ট। এরপর বিশ্বের দ্রুততম মানব বলেন, “রিওর পর অবসর নেয়ার ইচ্ছার কথা আমি সবসময় বলেছি। কিন্তু সবাই বলে আসছে যে ২০১৭ সাল পর্যন্ত (ট্র্যাকে) আমার থাকা উচিত। তাই সেটা করার কথা ভাবছি আমি এবং ওটাই হবে আমার শেষ চ্যাম্পিয়নশিপ।”

আগামী বছর অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর বসবে চীনের বেইজিংয়ে। আর ২০১৭ সালে লন্ডনে বসবে পরের আসর। দুই বছর আগে লন্ডন অলিম্পিকেই ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে সোনা ধরে রাখার কৃতিত্ব গড়েছিলেন বোল্ট। তাই ২৭ বছর বয়সী এই তারকার মতে, লন্ডনে ক্যারিয়ারের ইতি টানাটা হবে দারুণ একটা ব্যাপার।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট আটটি সোনা জেতেন উসাইন বোল্ট।