২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস ফুটবলে সাফল্যের প্রত্যাশা

দেশের ফুটবলের কঠিন সময় পার করে নতুন সম্ভাবনার স্বপ্ন কাজী সালাউদ্দিনের চোখে। ইনচন এশিয়ান গেমসের জন্য ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়দেরও সেই স্বপ্নটাই দেখালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি। কোচ লোডভিক ডি ক্রুইফ ও সহকারী রেনে কোস্টারের কণ্ঠেও ঝরলো ভালো কিছু করার প্রত্যাশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:10 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

আগামী ১৯ সেপ্টেম্বর ইনচনে শুরু হতে যাওয়া ২০১৪-এশিয়ান গেমসের জন্য রোববার থেকে শুরু হয়েছে ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিনে রিপোর্ট করতে আসা খেলোয়াড়দের সামনে বড় কোনো লক্ষ্য বেধে দেননি বাফুফে সভাপতি। সালাউদ্দিনের প্রত্যাশা একটাই- দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে।

“আমি তোমাদের কাছে চাঁদ চাই না। সুর্যও চাই না। আমি চাই তোমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলবে।”

দেশের ফুটবলের ফেলে আসা সোনালি দিন ফেরানোর প্রত্যাশায় কাজী সালাউদ্দিন বলেন, “খেলোয়াড়দের কাছে আমি আরো দায়িত্বশীলতা আশা করি। তোমরাই পার খেলাটির প্রতি সরকার ও দেশের মানুষের মনোভাব বদলে দিতে। খেলাটি কঠিন সময় পার করছে। এ মুহুর্তে আমাদের সাফল্য প্রয়োজন।”

এক সময়ের সেরা তারকা সালাউদ্দিনের মতে, অনূর্ধ্ব-২৩ দলের এ ফুটবলাররাই আগামী দিনের ভবিষ্যৎ।

প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষে কোচ ডি ক্রুইফের কণ্ঠে ঘুরে ফিরে এলো ভালো করার প্রত্যাশা। প্রায় চার মাস ছুটি কাটিয়ে গত শনিবার ঢাকায় ফেরেন এই ডাচ কোচ।

তিনি বলেন, “আমি ভালো ফল চাই। আরো ভালো খেলার, ভালো কিছু করার অভিলাষ থাকতে হবে আমাদের। আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে আমরা কি করতে পারি।”

এশিয়ান গেমস শুরু হতে হাতে আর মাস দেড়েক সময় আছে। এর মাঝে প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঠিক করবেন ডি ক্রুইফ। অবশ্য চূড়ান্ত দলে কতজন রাখবেন তা এখনো ঠিক করেননি তিনি।