বিজেএমসিতে মোহামেডানের হোঁচট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসি রুখে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
২৬তম মিনিটে মোহাম্মদ স্বপনের গোলে এগিয়ে যায় বিজেএমসি। ৫৬তম মিনিটে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
চার মিনিট পর ওয়াহেদের গোলে ব্যবধান কমালেও নব্বই মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল মোহামেডান। ইনজুরি সময়ে ওয়াহেদের দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত হার এড়ায় ঐতিহ্যবাহী দলটি।
এই ড্রয়ের পরও ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে বিজেএমসি।
