১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন কোলো মুয়ানি

চোটের কারণে এই ফরোয়ার্ডের খেলা হবে না বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে।

ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন কোলো মুয়ানি
কোলো মুয়ানি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

রান্দাল কোলো মুয়ানিকে হারিয়েছে ফ্রান্স। চোয়ালের চোটে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম‍্যাচ থেকে ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড।  

এক বিবৃতিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। কোলো মুয়ানির বদলি হিসেবে লঁসের উইঙ্গার ফ্লোহিয়াঁ তুভাকে দলে ডাকা হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত শনিবার ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে চোয়ালে চোট পান কোলো মুয়ানি। 

তাকে ম্যাচের বিরতিতে তুলে নেওয়া হয়। সেদিন টটেনহ্যাম কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেছিলেন, চোট ‘বড় কিছু নয়।’ তবে ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্যানের পর জানা যায় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোয়াল ভেঙে গেছে।

ফ্রান্সের হয়ে ৩১ ম্যাচে ৯ গোল করা কোলো মুয়ানিকে গত জুনের পর প্রথমবারের মতো দলে ডাকা হয়েছিল।

দলটি আগামী বৃহস্পতিবার পিএসজির মাঠে ইউক্রেইনের বিপক্ষে খেলবে। তিন দিন পর আজারবাইজান সফরে যাবে।

২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা ইউক্রেইনের বিপক্ষে জয় পেলে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউক্রেইন।