২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরতে মরিয়া কস্তা

এল সালভাদরের সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচের দিকে তাকিয়ে আছেন দিয়েগো কস্তা। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে চান স্পেনের বিশ্বকাপ দলে থাকা এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

চোট থাকার পরও কস্তাকে বিশ্বকাপের ২৩ সদস্যের দলে রেখেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড চাচ্ছেন, যত দ্রুত সম্ভব চূড়ান্ত লড়াইয়ের আগে 'ফিট' হয়ে উঠতে।

স্পেনের বিশ্বকাপ দলে থাকতে পেরে রোমাঞ্চিত কস্তা এল সালভাদরের বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন বলে আশা করছেন।

“শেষ কয়েক দিন আমি ফিজিও ও ফিটনেস কোচদের সঙ্গে কাজ করেছি। এবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন শুরু করব। ওয়াশিংটনে এল সালভাদরের বিপক্ষে ম্যাচে খেলার আশা করছি আমি।” 

সদ্য শেষ হওয়া মৌসুমের শেষটা চোটের মধ্যেই কেটেছে ব্রাজিলে জন্ম নেয়া কস্তার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র ৯ মিনিট খেলতে পেরেছেন ছিলেন আতলেতিকোর এই ফরোয়ার্ড। এরপর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

১৩ জুন গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। ব্রাজিল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও অস্ট্রেলিয়া।

পুরনো খবর:

স্পেন দলে কস্তা, তরেস