স্পেন দলে কস্তা, তরেস
দিয়েগো কস্তাকে ঘিরে চোট শঙ্কা থাকলেও তাকে নিয়েই ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। দলে আছেন অভিজ্ঞ স্ট্রাইকার ফের্নান্দো তরেসও।
শনিবার চূড়ান্ত দল ঘোষণা করেন ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ দেল বস্ক। দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির আলভারো নেগ্রেদো ও গোড়ালির চোটে ভুগতে থাকা হেসুস নাভাসের।
ব্রাজিলে জন্ম নেয়া এবং ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা কস্তা অনেক দিন ধরেই পেশির চোটে ভুগছেন। গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র ৯ মিনিট খেলেই খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। ম্যাচ খেলার মতো এখনও পুরোপুরি সেরেও ওঠেননি তিনি, তারপরও কস্তার উপর আস্থা রেখেছেন স্পেনের কোচ।
এদিকে, বিশ্বকাপ দলে তরেসের জায়গা পাওয়াটাও নিশ্চিত ছিল না। সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমটা ভালো কাটেনি তার, ইপিএলে এবার ১৬ ম্যাচ খেলে মাত্র ৫টি গোল করেছেন তরেস। কিন্তু গত শুক্রবার বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো খেলে ব্রাজিল যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলেন চেলসির এই স্ট্রাইকার।
১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্পেন। 'বি' গ্রুপের অন্য দুই দল হলো চিলি ও অস্ট্রেলিয়া।
২৩ সদস্যের স্পেনের চূড়ান্ত দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), পেপে রেইনা (লিভারপুল), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)
ডিফেন্ডার: সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), রাউল আলবিওল (নাপোলি), জাভি মার্তিনেস (বায়ার্ন মিউনিখ), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), জরদি আলবা (বার্সেলোনা), সেসার আসপিকুয়েতা (চেলসি)
মিডফিল্ডার: সের্হিও বুসকেতস, চাভি এরনানদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রেগাস (সবাই বার্সেলোনা), চাবি আলোনসো (রিয়াল মাদ্রিদ), কোকে (আতলেতিকো মাদ্রিদ), সান্তি কাসোরলা (আর্সেনাল), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ), দাভিদ ভিয়া (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রো রদ্রিগেস (বার্সেলোনা), ফের্নান্দো তরেস (চেলসি)।
