জার্মান দলে চোট সমস্যা
বিশ্বকাপ শুরুর আগে দলে চোট সমস্যায় দুশ্চিন্তায় পড়ে গেছেন জার্মানি কোচ ইওয়াখিম লো। অনুশীলন চলার সময় দল থেকে ছিটকে পড়েছেন মিডফিল্ডার লার্স বেন্ডার।
ইতালির আল্পস এলাকায় শেষ সময়ের অনুশীলন সেরে নিচ্ছে জার্মানি। এখানেই ঊরুতে চোট পেয়েছেন লেভারকুজেনের ২৫ বছর বয়সী মিডফিল্ডার বেন্ডার। জার্মানির হয়ে ১৭টি ম্যাচ খেলা বেন্ডারের বিকল্প হিসেবে এখনও অবশ্য কাউকে নেননি লো।
শুরুর আগেই বেন্ডারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ব্যাথিত কোচ লো।
“ব্যক্তিগতভাবে আমি লার্সের জন্য দু:খিত। কারণ, ব্রাজিল যাওয়ার জন্য ও কতটা উদগ্রীব ছিল তা আমি জানি।”
তবে জার্মানির কোচকে শুধু লার্সের ছিটকে পড়া নিয়ে ভাবলেই চলছে না। তার দলে আরো চোট সমস্যা আছে।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ভাঙার অপেক্ষায় থাকা মিরোস্লাভ ক্লোসা চোটের কারণে এখনো অনুশীলনই শুরু করতে পারেননি। প্রতিপক্ষের জালে ১৫ বার বল জড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো। ২০০২ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলা ক্লোসার গোল তার চেয়ে ১টি কম।
আর চোটের কারণেই লো প্রাথমিক দলে রাখতে পারেননি মারিও গোমেজ ও বেন্ডারের যমজ ভাই স্ভেনকে।
১৬ জুন সালভাদরে পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে জার্মানি। 'জি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও যুক্তরাষ্ট্র।
