জার্মানির রক্ষণদুর্গে ফাটল?
হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছে ইউরোপের পরাশক্তি জার্মানির রক্ষণভাগ। ব্রাজিল বিশ্বকাপের আগে তাই দুর্ভাবনায় অধিনায়ক ফিলিপ লাম। সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেছেন, আগে ভাগে ব্রাজিল থেকে ফিরতে না চাইলে রক্ষণভাগের দৃঢ়তা বাড়াতে হবে।
১৬ জুন সালভাদরে পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে জার্মানি।
বায়ার্ন মিউনিখ তারকা লাম জানান, বিশেষ করে রক্ষণভাগ নিয়ে অনেক কাজ করার আছে তাদের।
“সম্প্রতি আমরা অনেক গোল খেয়েছি এবং প্রতিপক্ষকে অনেক সুযোগ তৈরি করতে দিয়েছি। আমাদের অবশ্যই রক্ষণভাগের ফরমেশনে আরো মনোযোগ দিতে হবে এবং এর জন্য পুরো দলকেই প্রয়োজন।”
বড় আসরে বরাবরই জার্মানির রক্ষণভাগ থাকে সুদৃঢ়। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাদের অনেকগুলো গোল হজম করতে হয়েছে। বিশেষ করে গত অগাস্টে প্যারাগুয়ের সঙ্গে প্রীতি ম্যাচ ৩-৩ গোলে ড্র করে তারা। এর আগে ২০১২ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে সুইডেনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিলে দলটি।
২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে সেমি-ফাইনালে পৌঁছেছিল জার্মানি। দুবারই তৃতীয় হওয়ার হতাশা নিয়ে ফেরা ৩০ বছর বয়সী লাম মনে করেন, বিশ্বকাপ জেতার এটাই তার শেষ সুযোগ।
“আবারো সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে বা কেবল রোদ পোহাতে ব্রাজিল যেতে চাই না। আমার একটি লক্ষ্য আছে, তা হচ্ছে সম্ভাব্য সবচেয়ে বড় সাফল্যটি পাওয়া আর বিশ্বকাপ জেতা। আমাদের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে প্রতিটি খেলোয়াড়ের প্রতিভা কেবল দলের স্বার্থে পরিচালিত হবে।”
জার্মানি বুধবার থেকে ইতালির আল্পস অঞ্চলে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে।
১ জুন ক্যামেরুন ও ৬ জুন আর্মেনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
