২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ভাবনায় এখন শুধু আর্জেন্টিনা

চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি যতটা বার্সেলোনার ততটা আর্জেন্টিনার নন-এমন অভিযোগ বহুদিনের। ব্রাজিল বিশ্বকাপে সমালোচকদের মুখটা বন্ধ করতে চান ফুটবলের এই মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 11:42 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

মঙ্গলবার আর্জেন্টিনার অধিনায়ক জানালেন, বিশ্বকাপে ভালো করতে মাথা থেকে বার্সেলোনা ‘চিপ’ বদলে নিতে চান তিনি।

বুয়েনস আইরেসে পৌঁছে সাংবাদিকদের মেসি জানান, ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিততে না পারার ভীষণ হতাশাজনক মৌসুম বার্সেলোনাতেই পেছনে ফেলে আসতে চান তিনি।

সোমবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করা মেসি বলেন, “এখন আমাকে জাতীয় দল নিয়ে ভাবতে হবে এবং আমাকে ‘চিপ’ বদলাতে হবে।”

“আমি বার্সেলোনায় ভালো খেলেছি। আশা করছি, এবার উল্টো ব্যাপারটিও ঘটবে। আমি যখন সতীর্থদের (আর্জেন্টিনার অনুশীলনে) সঙ্গে যোগ দেব, সেটা হবে অন্য গল্প।”

এবার বিশ্বকাপ বাছাইপর্বে নিজের পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনার ভক্তদেরও মন জয় করেছেন মেসি। এর আগ পর্যন্ত বার্সেলোনার ছন্দ জাতীয় দলে নিয়ে আসতে না পারায় নিজ দেশে সমালোচিত হতে হয়েছে তাকে।

আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে আগামী সপ্তাহ থেকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলন শুরু হবে। তার আগে নিজ শহর রোসারিওতে বিশ্রাম নেবেন মেসি।

“এটা আমার সেরা মৌসুম নয়। আমি ভিন্নভাবে এটা শেষ করতে চেয়েছিলাম। তবে এটা ছিল প্রত্যকের ব্যাপার, একক কারোর নয়,”

“আশা করি (আর্জেন্টিনার) সতীর্থদের সঙ্গে মিলিত হলে আমার চিন্তা পাল্টে যাবে। আমাদের টুর্নামেন্ট (লা লিগা শিরোপা) জেতার সুযোগ ছিল কিন্তু আমরা পারিনি। আর চোটের সঙ্গে লড়াই করাও সহজ নয়”, যোগ করেন তিনি।

ঊরুর পেশির চোটে লম্বা একটা সময় ভুগতে হয়েছে মেসিকে। আগের মৌসুমগুলোতে যে উঁচু মান তিনি নির্ধারণ করেছিলেন এই সময়ে সেই ছন্দটাও অনেকটা হারিয়ে ফেলেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে ১৫ জুন রিও ডি জেনেইরোতে বসনিয়া-হার্জেগোভিনা, ২১ জুন বেলো হরিজন্তেতে ইরান ও ২৫ জুন পোর্তো আলেগ্রেতে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসি, আশাবাদী, এবার তাদের লক্ষ্য পূরণ হবে।