দুই গেমসে উপেক্ষিত নারী ব্যাডমিন্টন খেলোয়াড়
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো ব্যাডমিন্টন দল পাঠাচ্ছে বাংলাদেশ। দুটি গেমসেই উপেক্ষিত মহিলা খেলোয়াড়েরা।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম আজিজ জিলানী মনে করেন, মহিলা খেলোয়াড়েরা আন্তর্জাতিক মানের নয়। এতো বড় আসরে তাদের পাঠিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এতে দেশের ভাবমূর্তিও নাকি প্রশ্নের মুখে পড়তে পারে। তাই দুই গেমসেই উপেক্ষিত মহিলা খেলোয়াড়রা।
অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশেকে সাফল্য এনে দেয়ার কৃতিত্ব রয়েছে মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়ের। ২০১০ সালে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় মহিলা এককে ব্রোঞ্চ পদক পান শাপলা আক্তার। প্রতিযোগিতায় ছেলেরা অংশগ্রহণ করলেও তারা কোনো সাফল্য পাননি।
বৈষম্যের অভিযোগ এনে এক সময়কার দেশ সেরা খেলোয়াড় এলিনা সুলতানা জানান, ফেডারেশনের নানা অসঙ্গতি নিয়ে সরব থাকায় তারা বর্তমান কমিটির কর্মকর্তাদের আক্রোশের শিকার।
দুটি গেমসের জন্য চার খেলোয়াড় স্থানীয় কোচ রাসেল কবীর সুমনের তত্ত্বাবধানে মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছেন।
আইমান ইবনে জামান ও রইসউদ্দিন কমনওয়েলথ গেমসে এবং এনামুল হক ও আহসান হাবীব পরশ এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করবেন। দুটি প্রতিযোগিতায় একক ও দ্বৈত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।
