২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি সই

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এর ফলে ২৬ বছর বয়সী আর্জেন্টিনার এই তারকার বার্সেলোনা মেয়াদ বাড়বে। আর স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চার বারের ফিফা ব্যালন ডি অর জয়ী এই তারকা হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 08:51 AM

Updated : 13 Oct 2022, 12:07 PM

পুরনো খবর:

মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি

সোমবার ওয়েবসাইটে মেসির সঙ্গে নতুন চুক্তি করার কথা জানায় বার্সেলোনা। তবে চুক্তির বিস্তারিত কিছুই তারা জানায়নি।

আগের চুক্তি অনুযায়ী মেসির ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনা থাকার কথা ছিল। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সালের জুন পর্যন্ত ক্যাম্প নউতে থাকবেন এ মৌসুমে ৪৩ ম্যাচে ৪১ গোল করা মেসি। আর বছরে বেতন তার হতে পারে ২ কোটি ইউরো (এক কোটি ৬৩ লাখ পাউন্ড)। মৌসুমে মেসির বর্তমান বেতন ১ কোটি ৩০ লাখ ইউরো।

ফলে মেসি ছাড়িয়ে যাবেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনিকে। বিসিসির হিসেব অনুযায়ী, বর্তমানে রুনির বাৎসরিক বেতন এক কোটি ৫৬ লাখ পাউন্ড। গত ফেব্রুয়ারিতে নতুন চুক্তি করে আগের সর্বোচ্চ বেতন পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান রুনি। রোনালদোর বার্ষিক বেতন এক কোটি ৪০ লাখ পাউন্ডের মতো।

বেতন ছাড়াও পারফরম্যান্সের বিচারে বোনাস পাবেন মেসি, যা হতে পারে বছরে ৫০ লাখ ইউরো। এছাড়া চুক্তিতে ইমেজ স্বত্বও ধরে রেখেছেন মেসি। ফলে বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা থেকে আসবে প্রচুর অর্থ, যা বেতন-বোনাসের সঙ্গে যোগ হয়ে তাকে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের সংক্ষিপ্ত তালিকায় নিয়ে যেতে পারে।

চুক্তি সই করার পরর মেসি তার টুইটার বার্তায় বলেছেন, “আমি সবসময়ই যেমন বলি, ঘরে থাকতে পেরে আমি খুশি।”

এর আগে শুক্রবার বার্সেলোনা কর্তৃপক্ষ মেসির সঙ্গে নতুন চুক্তি করার ঘোষণা দিয়েছিল। আতলেতিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর ৪৮ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকতা সেরে ফেললো তারা।

চোট আর খানিকটা ফর্মহীনতার কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই পুরনো রূপে দেখা যায়নি মেসিকে। ফলে বার্সেলোনাও এবার প্রত্যাশিত সাফল্য পায়নি।

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ম্যাচে একরকম নিষ্প্রভই ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। ফলে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় কাতালুনিয়া দলটি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপানির্ধারণী ম্যাচেও ভালো খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার পর মেসি স্বীকার করে নিয়েছেন এবার তারা নিজেদের সেরা ছন্দে ছিলেন না।

“বার্সেলোনার সবাইকে আমি শুধু দুঃখিত বলতে পারি। তবে প্রতিজ্ঞা করছি, আগামীবার দল স্বরূপে ফিরবে এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারবো।”

তবে গত কয়েক বছর ধরে হিসেব করলে বার্সেলোনার সাফল্যে মেসির অবদান অনেক। ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে ৬টি লিগ ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২১টি ট্রফি জিতেছেন মেসি।

বার্সেলোনার ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ৪২৪ ম্যাচ খেলা মেসি ক্লাবের হয়ে করেছেন রেকর্ড ৩৫৪ গোল। এছাড়া স্পেনের প্রথম বিভাগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তেলমো সাররাকে ছাড়াতে আর মাত্র ৮টি গোল চাই মেসির।