মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এর ফলে ২৬ বছর বয়সী আর্জেন্টিনার এই তারকার বার্সেলোনা মেয়াদ বাড়বে। আর স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চার বারের ফিফা ব্যালন ডি অর জয়ী এই তারকা হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।
আগের চুক্তি অনুযায়ী মেসির ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনা থাকার কথা ছিল। নতুন চুক্তির বিস্তারিত কিছু বার্সেলোনা প্রকাশ করেনি। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সালের জুন পর্যন্ত ক্যাম্প নউতে থাকবেন এ মৌসুমে ৪৩ ম্যাচে ৪১ গোল করা মেসি। আর বছরে বেতন তার হতে পারে ২ কোটি ইউরো (এক কোটি ৬৩ লাখ পাউন্ড)। সঙ্গে পারফরম্যান্সের বিচারে থাকবে বোনাস।
আর তাহলে মেসি ছাড়িয়ে যাবেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনিকে। বর্তমানে রুনির বাৎসরিক বেতন এক কোটি ৫৬ লাখ পাউন্ড। গত ফেব্রুয়ারিতে নতুন চুক্তি করে আগের সর্বোচ্চ বেতন পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান রুনি। রোনালদোর বার্ষিক বেতন এক কোটি ৪০ লাখ পাউন্ডের মতো।
তবে চুক্তির বিস্তারিত কিছুই এখনও জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি সই হবে বলে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ক্লাবটি।
চোট আর খানিকটা ফর্মহীনতার কারণে চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই পুরনো রূপে দেখা যায়নি মেসিকে। ফলে বার্সেলোনাও এবার প্রত্যাশিত সাফল্য পায়নি।
কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ম্যাচে একরকম নিষ্প্রভই ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। ফলে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় কাতালুনিয়া দলটি।
২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে ৬টি লিগ ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২১টি ট্রফি জিতেছেন মেসি।
বার্সেলোনার ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ৪২৪ ম্যাচ খেলা মেসি ক্লাবের হয়ে করেছেন রেকর্ড ৩৫৪ গোল। এছাড়া স্পেনের প্রথম বিভাগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তেলমো সাররাকে ছাড়াতে আর মাত্র ৮টি গোল চাই মেসির।
