২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একতা, পরিশ্রম আর বিশ্বাসে সাফল্য আতলেতিকোর

মৌসুম শুরুর আগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে আতলেতিকো মাদ্রিদের শিরোপা জেতার প্রত্যাশা কেউ করলে, তাকে নির্ঘাত অর্বাচীন বলা হতো। আর চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে যদি বলা হতো, প্রথম শিরোপার জন্য ফাইনাল খেলবে ক্লাবটি তাহলে তো সবাই পাগল-ই ঠাওরাতো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:45 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

ইতিহাস গড়েছে আতলেতিকো: সিমেওনে

তবে মৌসুমের শেষের দিকে এসে অসম্ভব ওই সব কল্পনাগুলোই বাস্তব হয়ে ধরা দিয়েছে। আর এই স্বপ্নের পথে আতলেতিকোর এই যাত্রার মূল কারিগর কোচ দিয়েগো সিমেওনে আর তার এক ঝাঁক কষ্টসহিষ্ণু ও একতাবদ্ধ খেলোয়াড়।

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় সিমেওনে। তার আগের মৌসুমে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছিল আতলেতিকো। সিমেওনে দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টাতে শুরু করে আতলেতিকোর পারফরম্যান্স। ২০১১-১২ মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে তারা।

গত মৌসুমে ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পায় সিমেওনের আতলেতিকো। আর তিন বছরের মাথায় দলকে কাঙ্খিত শিরোপাটি পাইয়ে দেন তিনি ।

এর আগে ১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো। ওই সময় ভিসেন্তে কালদেরনের ক্লাবটিতে খেলতেন সিমেওনে।  

২০০৩-০৪ মৌসুমের পর বার্সেলোনা ও রিয়াল ছাড়া আর কেউই স্পেনের ঘরোয়া লিগের শিরোপা জিততে পারেনি। তাছাড়া গত দুই মৌসুমে ১০০ পয়েন্টর রেকর্ড গড়ে শিরোপা জিতেছে যথাক্রমে রিয়াল ও বার্সেলোনা। তাই পরিসংখ্যান ও পরিস্থিতির বিচারে প্রতিবারই লিগ শুরুর আগে ওই দুটি দলের কাউকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে নেয়া হতো। 

শুধু লিগেই বা কেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগেও তো কল্পনাকে ছাড়িয়ে গেছে আতলেতিকোর সাফল্য। গ্রুপ পর্বের অসাধারণ সাফল্যের পর কোয়ার্টার-ফাইনালে ও সেমি-ফাইনালে যথাক্রমে বার্সেলোনা ও চেলসিকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি।

Image
এক দশক পর দলকে শিরোপা এনে দেয়া প্রিয় কোচ দিয়েগো সিমেওনেকে শূন্যে ছুড়ছে আতলেতিকোর খেলোয়াড়েরা।

এক দশক পর দলকে শিরোপা এনে দেয়া প্রিয় কোচ দিয়েগো সিমেওনেকে শূন্যে ছুড়ছে আতলেতিকোর খেলোয়াড়েরা।

সিমেওনের অধীনে শুধু দলগত সাফল্যই নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও দুই বছর আগের সাধারণ খেলোয়াড় থেকে কেউ কেউ হয়ে উঠেছেন তারকা খেলোয়াড়।

প্রথম নামটিই আসতে পারে ব্রাজিলে জন্ম নেয়া স্ট্রাইকার দিয়েগো কস্তা। লিগের তৃতীয় সর্বোচ্চ ২৭ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে দলকে ফাইনালে তুলতেও দারুণ অবদান আছে আট গোল করা কস্তার।

আতলেতিকোর এবারের বিষ্ময় জাগানো সাফল্যের অন্য দুই কারিগর আক্রমণাত্বক মিডফিল্ডার রাউল গার্সিয়া ও 'প্লেমেকার' আরদা তুরান। বছর খানেক আগের ওই সাধারণ গোছের খেলোয়াড়দের মাঝ থেকেই সেরাটা বের করে দলকে সাফল্যের চূড়ায় বসানোর কৃতিত্ব সিমেওনের ছাড়া আর কার।

সব মিলিয়ে আতলেতিকোর আত্মবিশ্বাসটাও যে আকাশচুম্বী তার প্রমাণ মিললো শনিবার রাতে। বার্সেলোনার মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সিমেওনের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে যেভাবে ঘুরে দাঁড়ালো দলটি তাতে ‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখতেই পারে আতলেতিকোর সমর্থকেরা।

আগামী শনিবার পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালকে হারালেই সে স্বপ্ন পূরণ হবে আতলেতিকোর।