ইতিহাস গড়েছে আতলেতিকো: সিমেওনে
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার শিরোপা জয়টাকে আতলেতিকো মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা সময় বলছেন দলটির কোচ দিয়েগো সিমেওনে।
শনিবার লিগের শেষ রাউন্ডে বার্সেলোনার মাঠে ১-১ গোলে ড্র করে ১৮ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জিতেছে মৌসুমের চমক আতলেতিকো।
পুরো মৌসুম জুড়ে অসাধারণ খেলে শিরোপা নিশ্চিত করার পর সিমেওনে বলেন, “আজকের দিনটা ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন।”
এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল আতলেতিকো। সেবার খেলোয়াড় হিসেবে ভিসেন্তে কালদেরনের ক্লাবটিতে ছিলেন আর্জেন্টিনার সিমেওনে।
তাছাড়া ২০০৩-০৪ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফের নতুন কোনো চ্যাম্পিয়ন পেল লা লিগা। ১০ বছর আগের ঐ মৌসুমে শিরোপা জিতেছিল ভালেন্সিয়া।
যোগ্যতর দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো। মার্চের শেষ সপ্তাহ থেকে পুরো সময়টাই পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখে সিমেওনের দল। তাছাড়া মৌসুম জুড়ে মুখোমুখি লড়াইয়েও লিগের দুই সেরা ক্লাব বার্সেলোনা ও রিয়ালের চেয়ে এগিয়ে ছিল তারা।
রিয়ালকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছিল আতলেতিকো। আর ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে তারা। বার্সেলোনার সঙ্গে সব ধরণের প্রতিযোগিতা মিলে এবার মোট ছয়বার দেখা হয়েছে আতলেতিকোর। যার একটিতে জিতেছে তারা, বাকি পাঁচটি ম্যাচ ড্র।
তবে শনিবারের অলিখিত ‘ফাইনালে’ ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো আতলেতিকোর। কিন্তু প্রথমার্ধে অ্যালেক্সিস সানচেসের গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল আতলেতিকোর সমর্থকেরা।
তবে আত্মবিশ্বাসী সিমেওনেকে নাকি কখনই ওই দুশ্চিন্তা পেয়ে বসেনি। “এক মুহূর্তের জন্যও আমি চিন্তা করিনি যে দল এটা (শিরোপা জিততে যা প্রয়োজন) করতে পারবে না। (প্রয়োজনীয় মুহূর্তে) সবসময় তারা ঘুরে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জটা যত বড়, সেটা অর্জন করতে তত বেশি দৃঢ় তারা।”
শিরোপা জয়ের এই সাফল্যটাকে আতলেতিকোর সাবেক কোচ ও খেলোয়াড় লুইস আরাগোনেসকে উৎসর্গ করেছেন সিমেওনে। গত ফেব্রুয়ারিতে ৭৫ বছর বয়সে মারা যান আতলেতিকোর খেলোয়াড় হিসেবে তিনটি ও কোচ হিসেবে একটি লা লিগা জেতা আরাগোনেস।
