অনুশীলনে ফিরলেও সংশয়ে ফ্যালকাও
চোট থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন রাদামেল ফ্যালকাও। তবে ক্লাব মোনাকোর সঙ্গে অনুশীলন করলেও বিশ্বকাপের আগে পুরো 'ফিট' হয়ে ওঠার ব্যাপারে নিজের মধ্যেই সংশয় আছে কলম্বিয়ার এই ফরোয়ার্ডের।
শুক্রবার ফ্যালকাওয়ের অনুশীলন করার বিষয়টি ফ্রান্সের ক্লাব মোনাকো তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
“সে (ফ্যালকাও) সতীর্থদের সঙ্গে মৌসুমের শেষ সেশনে অনুশীলন করার সুযোগ হারাতে চায়নি।”
ফরাসি কাপের ম্যাচে হাঁটুর চোটে পড়েন ফ্যালকাও। বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে যেতে হয় এই ফরোয়ার্ডকে। তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় জাগে তখনই।
এর পরও কলম্বিয়ার কোচ হোসে পেকারমান বিশ্বকাপের জন্য ঘোষণা করা ৩০ সদস্যের প্রাথমিক দলে ২৮ বছর বয়সী ফ্যালকাওকে রেখেছেন। তিনি আশা করছেন, বিশ্বকাপের আগেই পুরোপুরি সেরে উঠবেন দলের সবচেয়ে বড় তারকা।
ফ্যালকাও নিজেও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন। এ লক্ষ্যেই মোনাকো সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামেন তিনি। তবে বাস্তবতাটা বোঝেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। স্পেনের ক্রীড়া দৈনিক মার্তাকে তাই নিজের সংশয়ের কথাটা বলেন তিনি।
“ফুটবলের বিচারে এ অবস্থায় শতভাগ ফিট হয়ে ব্রাজিলে যাওয়া অসম্ভব। সবকিছু মিলিয়ে আমি যদি ভালো অনুভব করি, তাহলেই যাব। আর যদি দেখি, আমি নিজেই নিশ্চিত নই এবং দলকে কিছু দিতে পারব না, তাহলে আর যাব না।”
কলম্বিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন গ্রিসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপের এই দলটির বাকি দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও জাপান।
