টিকে রইল ফ্যালকাওয়ের বিশ্বকাপ আশা
এখনো চোটের সঙ্গে লড়াই করছেন রাদামেল ফ্যালকাও। তবে বিশ্বকাপের আগেই সেরে ওঠার সম্ভাবনা আছে বলে এই মুহূর্তে দেশের সেরা তারকাকে প্রাথমিক দলে রেখেছেন কলম্বিয়ার কোচ।
মঙ্গলবার হোসে পেকারমান ব্রাজিল বিশ্বকাপের জন্য তার ৩০ সদস্যের প্রাখমিক দল ঘোষণা করেন।
ঠিক কবে নাগাদ ফ্যালকাও মাঠে ফিরবেন সে সম্পর্কে শুরুতে মোনাকোর পক্ষ থেকে পরিষ্কার করে কিছু না বললেও স্প্যানিশ বার্তা সংস্থা ‘ইএফই’ জানিয়েছিল, পুরোপুরি সেরে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে তার।
কলম্বিয়াকে বিশ্বকাপে নিয়ে যেতে প্রধান ভূমিকা রেখেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেন তিনি। কলম্বিয়াও তাই দ্বিতীয় হয়ে সরাসরি ব্রাজিল-যাত্রা নিশ্চিত করে।
মৌসুমের অর্ধেক সময় ধারে ওয়েস্ট হ্যামে খেলা নাপোলির ডিফেন্ডার পাবলো আরমেরোকেও দলে রেখেছেন পেকারমান।
