এবার লটারির টিকেট বিক্রির পরিকল্পনা বাফুফের
তহবিল সংগ্রহের জন্য কনসার্ট আয়োজনের পাশাপাশি লটারির টিকেট বিক্রিরও পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
বৃহষ্পতিবার বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, কনসার্ট আয়োজনের পরিকল্পনা তাদের আগেই ছিল। এবার নতুন করে ভাবনায় এসেছে লটারি টিকেট বিক্রিরও। কবে কনসার্ট আয়োজন করা যায় আর কবে থেকে লটারি বিক্রি শুরু করা যেতে পারে, সে বিষয়ে আগামী রোববার এক সভায় সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
সালাম মুর্শেদী বলেন, “আমাদের লক্ষ্য অন্তত দুটি কনসার্ট আয়োজন করা। আশা করছি, বিশ্বকাপের ফাইনালের আগেই একটি কনসার্ট আয়োজন করতে পারব। অন্যটি শীতকালে আয়োজনের পরিকল্পনা আমাদের। শীতকালের কনসার্ট দেশের কয়েকটি বিভাগীয় শহরে আয়োজন করতে চাই আমরা।”
আর লটারির টিকেট বিক্রির জন্য বাফুফেকে অপেক্ষা করতে হচ্ছে সরকারের অনুমোদনের জন্য। সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে অগাস্টের পরপরই লটারির টিকেট বিক্রি শুরু করা যাবে বলে আশা করছেন সালাম মুর্শেদী।
