২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফরাসি লিগের সেরা ইব্রাহিমোভিচ

পিএসজির টানা দ্বিতীয় ফরাসি লিগ জয়ের পেছনে বড় অবদান ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডেনের এই ফরোয়ার্ড এর স্বীকৃতিও পেলেন। টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:54 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড এ মৌসুমে ৩২ ম্যাচে ২৫ গোল করেছেন। চোটের কারণে মৌসুমের শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে ২ ম্যাচ বাকি থাকতেই লিগ জয় নিশ্চিত করে পিএসজি।

ফ্রান্সের একটি ক্রীড়া দৈনিককে নিজের আনন্দের অনুভূতির কথা জানান ইব্রাহিমোভিচ।

“আমি গর্বিত। পিএসজির এ মৌসুমটি খুব ভালো ছিল। আমারো ভালো একটি মৌসুম কেটেছে। সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা।”
৩২ বছর বয়সী ইব্রাহিমোভিচ এর আগে ইতালির সেরি আ, স্পেনের লা লিগা, নেদারল্যান্ডসের ডাচ লিগ জয় করেছেন।

ইব্রাহিমোভিচ আয়াক্সের হয়ে ডাচ লিগ জিতেছেন দুবার, ২০০২ ও ২০০৪ সালে।

২০০৫ ও ২০০৬ সালে জুভেন্টাসের হয়ে সেরি আ শিরোপা জিতেছিলেন। কিন্তু ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে সেগুলো হারিয়েছে জুভেন্টাস।
এরপর ইন্টার মিলানের হয়ে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন ইব্রাহিমোভিচ।

ইব্রাহিমোভিচ লা লিগা জিতেছেন বার্সেলোনার জার্সি গায়ে, ২০১০ সালে। এরপর আবার ২০১১ সালে সেরি আর শিরোপা জিতেছেন এসি মিলানের জার্সি গায়ে।

সাফল্য আর লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার পরও একটা দু:খ ঠিকই থাকছে ইব্রাহিমোভিচের। সুইডেন মূল পর্বে জায়গা করে নিতে না পারায় ব্রাজিল বিশ্বকাপে যাওয়া হচ্ছে না তার।