২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদের স্পেনের লা লিগার শিরোপার স্বপ্ন শেষ। তবে এই হতাশায় ডুবে না থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়েই ভাবছে স্পেনের সবচেয়ে অভিজাত ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 07:56 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

রোববার রাতে মালাগার সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ১-১ আর এলচের সঙ্গে বার্সেলোনার গোলশূন্য ড্র রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিয়েছিল শিরোপা-স্বপ্নটা শেষ ম্যাচে নিয়ে যাওয়ার। কিন্তু একই সময়ে চলা ম্যাচে সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরে স্বপ্নটা ভেঙে গেছে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জয়ের সম্ভাবনায় মনোযোগ দেয়ার কথা বললেন।

“আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। কারণ সামনে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এখন আমাদের দেখতে হবে ভুলগুলো কোথায় হয়েছে এবং শক্তি সঞ্চয় করতে হবে আর চোটে পড়া খেলোয়াড়দের ফাইনালে (চ্যাম্পিয়ন্স লিগ) ফিরে পেতে হবে।”

২৪ মে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা চিন্তা করেই হয়ত সেল্তা ভিগোর বিপক্ষে রোববারের ম্যাচে গ্যারেথ বেল, আনহেল ডি মারিয়া, পেপে আর দানি কারভাহালকে বিশ্রাম দিয়েছেন আনচেলত্তি।

এ ছাড়া সতর্কতার কারণেই পেশিতে চোট পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকেও মাঠে নামাননি রিয়াল কোচ।

তবে লিগ শিরোপার আশা শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিক কিছুটা হতাশ ইতালির এই কোচ।

“আমরা এই লিগটা হেরে গেছি এবং এটা আমাদের হারা প্রথম প্রতিযোগিতা। স্বভাবতই আমাদের সুখে থাকার কোনো কারণ নেই।”