ঠাণ্ডা মাথার পেল্লেগ্রিনিতে সিটির সাফল্য
তিন বছরে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। লিভারপুল, চেলসি, আর্সেনালের মতো দলগুলোকে কিভাবে পেছনে ফেলল তারা? দলের গভীরতা, আক্রমণাত্মক ফুটবলের প্রতিজ্ঞা, ঠাণ্ডা মাথার কোচ এবং প্রতিপক্ষ দলের চেয়ে বেশি ধারাবাহিকতা—ম্যানচেস্টার সিটির সাফল্যের রহস্য এগুলোই।
২০১২ সালে নাটকীয়ভাবে লিগের শেষ দিনে শিরোপা জিতেছিল সিটি। কিন্তু আনন্দের সেই স্মৃতি গত মৌসুমে ফ্যাকাশে হয়ে যায় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্ট পেছনে থকে লিগ শেষ করায়।
আর এবার ম্যানচেস্টার সিটির সেই দু:স্বপ্ন ঘোচে লিগের শেষ দিনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করার মধ্য দিয়ে। দায়িত্ব নেয়ার প্রথম বছরেই দলকে সাফল্য এনে দিলেন চিলির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
এক বছর আগে সমর্থকদের মধ্যে জনপ্রিয় ইতালির রবার্তো মানচিনিকে বরখাস্ত করে দক্ষিণ আমেরিকা ও স্পেনে সাফল্য পাওয়া পেলেগ্রিনিকে নিয়ে আসে কর্তৃপক্ষ।
সিদ্ধান্তটা যথার্থই ছিল। শিরোপা জিতে ইংল্যান্ডের ফুটবলে অভিযান শুরু করা ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন চিলির এই কোচ।
পেলেগ্রিনির অধীনে ম্যান সিটি নিজেদের মাঠে প্রায় অজেয় এক দলই হয়ে ওঠে। ইতিহাদ স্টেডিয়ামে খেলা ১৯ ম্যাচের ১৭টিতেই জিতেছে তারা। তবে প্রতিপক্ষের মাঠে কিছু সময়ের জন্য তাদের দুর্বলতা ধরা পড়ে।
কার্ডিফ সিটি আর অ্যাস্টন ভিলার মাঠে মৌসুমের শুরুর দিকে ম্যাচ হারে তারা। এই দুই ম্যাচে ম্যান সিটির রক্ষণ গলে বেরিয়ে যায় ৬টি গোল।
ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট তার ফর্ম হারিয়ে ফেলেন, এক সময় দল থেকে বাদও পড়েন। শিরোপার দাবিদার দলটির গোল না খাওয়া ম্যাচের সংখ্যা ছিল কমই। তবে সার্জিও আগুয়েরো, আলভারো নেগ্রেদো, এদিন জেকোদের গোল করার সামর্থ্য এবং তাদের সঙ্গে যোগ হওয়া দাভিদ সিলভা, সামির নাসরি ও ইয়াইয়া তোরের শক্তি মিলে জয়ের ধারা বজায় রাখে সিটি।
নভেম্বরে নিজেদের মাঠে নরিচ সিটিকে ৭ গোল দিয়েছে তারা। টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ৬-০ গোলে। এর পর ওই সময়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ৬-৩ ব্যবধানে।
কোচকে নিয়ে তাই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উদযাপন।
এপ্রিল মাসে লিভারপুলের কাছে ৩-২ গোলে হারে ম্যান সিটি, ২-২ গোলে ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। তখন লিভারপুল তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্ট এগিয়ে ছিল।
তবে হাল ছাড়েননি পেল্লেগ্রিনি। বলেছিলেন, নিজেদের ম্যাচগুলো জিততে পারলে বড় দলগুলো হোঁচট খাবেই।
ট্রফি হাতে বাধভাঙা উচ্ছ্বাস ম্যানচেস্টার সিটির ফুটবলারদের।
একে একে বড় দলগুলোর চাপে ভেঙে পড়া, আর নিজেদের শিরোপার আরো কাছে দেখতে পাওয়া—এসবের পরও পেল্লেগ্রিনি ছিলেন ভীষণ শান্ত। মাথা ঠাণ্ডা রেখে লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। দলকে পরিচালনা করেছেন বরফ-শীতল মস্তিস্কে।
মৌসুম শেষে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই কোচের এই চরিত্রের প্রশংসা করেছেন ম্যান সিটির সাবেক তারকা এবং বর্তমানে দলের শুভেচ্ছা দূত মাইক সামারবি।
“মানুয়েল পেলেগ্রিনি সম্পর্কে বলার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার দল পরিচালনা করার সামর্থ্য দুর্দান্ত। আপনি বড় বা ছোট, যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, এটা থাকতেই হবে।”
