২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো মতে মাদ্রিদের শিরোপা জিতলেন নাদাল

অনেকটা ভাগ্যের জোরেই পার পেয়ে গেলেন স্পেনের রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের ফাইনালে শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি। কিন্তু দ্বিতীয় সেটে চোটে পড়ার পর তৃতীয় সেট চলার সময় তিনি সরে দাঁড়ালে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামন্টের শিরোপা জেতেন শীর্ষ বাছাই নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 11:24 AM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

মাদ্রিদ ওপেনের শিরোপা শারাপোভার

রোববার রাতে নাদালের প্রিয় ক্লে কোর্টে প্রথম সেট সহজেই ৬-২ গেমে জিতে চমক দেখান নিশিকোরি। দ্বিতীয় সেটে সার্ভিস ব্রেক করার পর নিজের সার্ভে ৪-৩ গেমে এগিয়েও ছিলেন তিনি। কিন্তু এমন সময়ই পান পিঠে চোট। কিছুক্ষণ পর ফিরে আর দাঁড়াতে পারেননি। ওই গেম জিতেন নেন নাদাল। সেটটিও ৬-৪ গেমে জিতে নেয়ায় ম্যাচ গড়ায় তৃতীয় সেটে।

Image
পিঠের নিচের দিকে চোট পান নিশিকোরি।

পিঠের নিচের দিকে চোট পান নিশিকোরি।

Image
সরে দাঁড়ানোর পর হতাশায় নুয়ে পড়া নিশিকোরি।

সরে দাঁড়ানোর পর হতাশায় নুয়ে পড়া নিশিকোরি।

তবে চোট নিয়ে আর প্রতিরোধ গড়তে পারেননি নিশিকোরি। তৃতীয় সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় সরে দাঁড়ান প্রতিযোগিতার দশম বাছাই এই খেলোয়াড়। কোনোমতে হেঁটে এসে নেটের ওপারে নাদালের সঙ্গে হাত মেলান তিনি। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী নিশিকোরি জানালেন তার হতাশার কথা।

"এটা খুব দু:খের ব্যাপার, বিশেষ করে আমি যখন জেতার পথে ছিলাম। জীবনের প্রায় সেরা টেনিসটা খেলছিলাম তখন।"

এ নিয়ে চারবার মাদ্রিদের শিরোপা জিতলেন ২৭ বছর বয়সী নাদাল। আগের দুটি টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়ার পর টেনিসের এক নম্বর এই খেলোয়াড় ফর্ম ফিরে পান টুর্নামেন্টে। তবে ফ্রেঞ্চ ওপেনের আগে এই ফাইনাল তাকে কিছুটা হতাশই করবে। তবুও টুর্নামেন্ট থেকে প্রেরণা খুঁজতে চাইছেন স্পেনের এই তারকা।

"আজকে আমি প্রথম সেটে ভালে করতে পারিনি। তবে আমি মনে করছি এই টুর্নামেন্টে আমি দারুণ খেলেছি।"

২৫ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন, যাতে নবম শিরোপা জেতার লক্ষ্যে খেলবেন নাদাল।

এর আগে মেয়েদের ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়ে শিরোপা জেতেন রুশ তারকা মারিয়া শারাপোভা।