২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে হারিয়ে লড়াই জমালো চেলসি

ঘরের মাঠ অ্যানফিল্ডে চেলসির কাছে হেরে গেছে লিভারপুল। দুই অর্ধের যোগ করা সময়ে দুই গোলে চেলসির এই জয়ে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 09:47 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। প্রথম ২০ মিনিটে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল তারা; কিন্তু গোলের দেখা মেলেনি।

অন্যদিকে, প্রথম থেকেই নিজেদের রক্ষণ সামলে আক্রমণে উঠে আসায় মনোযোগী ছিল চেলসি।

প্রথমার্ধের 'ইনজুরি' সময়ের ডেম্বা বার গোলে এগিয়ে যায় চেলসি। অবশ্য ঐ গোলটির জন্য যতটা না কৃতিত্ব গোলদাতা ডেম্বা বার, তার চেয়ে বড় ভুল লিভারপুলের অধিনায়ক ও মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মিডফিল্ডার মামাদু সাকোর পাস ধরতে ব্যর্থ হন জেরার্ড। আর সেই সুযোগে বল ধরে দুর্দান্ত গতিতে গোলমুখে এগিয়ে গিয়ে লক্ষ্যভেদ করেন সেনেগালের স্ট্রাইকার বা।

গোলটির ছয় মিনিট আগে মিশরের মিডফিল্ডার মোহামেদ সালাহর শট ডি বক্সের মাঝে স্বাগতিক ডিফেন্ডার জন ফ্ল্যানাগানের হাতে লেগেছিল। চেলসি পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা লিভারপুল আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু এগিয়ে থেকে কোচ জোসে মরিনিয়োর পরিকল্পনাই সফল হয়।

লিভারপুল বল দখলেও এগিয়ে থাকলেও প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল।

প্রথমার্ধে করা জেরার্ডের ঐ ভুলেই হারের দিকে এগোতে থাকে স্বাগতিক দলটি। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।

গোলের জন্য মরিয়া লিভারপুলের সব খেলোয়াড় ছিল চেলসির। এমন সময় পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে লিভারপুলের গোলের দিতে এগিয়ে যান চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তরেস। তবে গোলরক্ষককে একা পেয়েও শট নেননি তিনি, পাস দেন উইলিয়ানকে। আর তা থেকেই বিনা বাধায় গোলটি করেন উইলিয়ান।

চেলসির বিপক্ষে লিগের প্রথম পর্বের হারের প্রতিশোধও আর নেয়া হলো না লিভারপুলের। গত ডিসেম্বরে চেলসির মাঠে ২-১ গোলে হেরেছিল কোচ ব্রেন্ডন রজার্সের দলটি।

লিভারপুলের এই হারে চেলসিই শুধু শিরোপা লড়াইয়ে ফেরেনি, সুযোগ বেড়েছে ম্যানচেস্টার সিটিরও।

এই হারের পরও ৩৬ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুল। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি।

আর ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। তবে দুই ম্যাচ কম খেলেছে তারা।