২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিগসের অধীনে ইউনাইটেডের দুর্দান্ত শুরু

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে রায়ান গিগসের শুরুটা হলো দারুণ। ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচ সিটিকে ৪-০ গোলে হারিয়েছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 12:52 AM

Updated : 13 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

গিগসে আস্থা ফার্গুসনের

গত সপ্তাহে দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে ডেভিড ময়েসকে বরখাস্ত করে ইউনাইটেড। আর নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত খেলোয়াড় ও সহকারী কোচ রায়ান গিগসকে দায়িত্ব দেয়া হয়।

ম্যাচের দিন ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গিগসের উপর আস্থা রাখছেন ইতিহাসের অন্যতম সফল কোচ ফার্গুসন। আর প্রধান কোচের দায়িত্বে গিগসের অভিষেক ম্যাচেই দলের এমন জয়ের পর ফার্গুসনের পরামর্শ ভালোমতোই ভেবে দেখতে পারে ম্যানইউ কর্তৃপক্ষ।

শনিবার গিগসের অধীনে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে শুরু থেকেই দারুণ উজ্জ্বীবিত ছিল ইউনাইটেডের খেলোয়াড়েরা। তবে প্রথম গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত।

ইংল্যান্ডের স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে ডি বক্সের মধ্যে ডিফেন্ডার স্টিভেন হুইটেকার ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর তা থেকেই প্রথম গোলটি করেন ওয়েইন রুনি।

ব্যবধান দ্বিগুণ করার কৃতিত্ব অবশ্য পুরোটাই রুনির। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জাপানের মিডফিল্ডার শিনজি কাগওয়ার পাস পেয়ে কিছুটা আড়াআড়িভাবে এগিয়ে গিয়ে দুর্দান্ত শটে গোলটি করেন রুনি।

৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করার পাশপাশি জয়টাও নিশ্চিত করে ফেলেন বদলি খেলোয়াড় হুয়ান মাতা।

গোলটির খানিক আগে ডি বক্সের বাইরে থেকে নেয়া রুনির আরেকটি শট লাফিয়ে ঠেকিয়ে দেন নরিচের গোলরক্ষক। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ওখান থেকে দুই সতীর্থের পা ঘুরে বল পেয়ে যান মাতা। তা থেকেই গোলটি করেন স্পেনের এই ফরোয়ার্ড।

আর ১০ মিনিট বাদে ইকুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রসে আলতোভাবে মাথা ছুঁইয়ে বড় জয় নিশ্চিত করেন মাতা।

৩৫ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল।

এদিকে, দিনের প্রথম ম্যাচে হেরে গেছে এভারটন। সাউথহ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে একটা বড়সড় ধাক্কাই লেগেছে। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এভারটন। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তাদের উপরেই আছে আর্সেনাল।

ইপিএলের প্রথম তিন দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। আর চতুর্থ দল পায় প্লে-অফে খেলার সুযোগ।

ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে স্টোক সিটিকে, সোয়ানসি সিটি ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ১-০ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে।