গিগসে আস্থা ফার্গুসনের
রায়ান গিগসকে ম্যানচেস্টার ইউনাইটেডের পূর্ণ মেয়াদে প্রধান কোচ হিসেবে দেখতে চান দলটির সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন।
ইউনাইটেডের সঙ্গে খেলোয়াড় গিগসের সম্পর্ক দুই যুগেরও বেশি সময়ের। দলটির সঙ্গে পুরনো চুক্তি শেষ হয়ে যাওয়ার পর গতবছরের মার্চে নতুন করে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন গিগস। আর গত জুলাইয়ে ঐসময়ের নতুন কোচ ডেভিড ময়েসের সহকারী নিযুক্ত হন তিনি।
তারপর থেকে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে একই সঙ্গে কোচ ও খেলোয়াড়ের দায়িত্ব পালন করে আসছেন ওয়েলসের এই খেলোয়াড়। আর কয়েকদিন আগে দলের ব্যর্থতার দায়ে ময়েসকে ছাঁটাই করে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে গিগসকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ডের সফলতম দলটি।
শনিবার ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গিগসের উপর আস্থা রাখছেন ইতিহাসের অন্যতম সফল কোচ ফার্গুসন। তার মতে শুধু অন্তবর্তীকালীন কোচ হিসেবে নয়, প্রধান কোচ হিসেবে পাকাপাকিভাবে ইউনাইটেডের দায়িত্ব নেয়ার যোগ্যতা আছে ৪০ বছর বয়সী গিগসের।
"২০ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা আছে তার (গিগসের)। সে যখন ১৩ বছরের কিশোর ছিল তখন তাকে আমি দলে এনেছিলাম। দলে সবধরণের আবেগের মধ্য দিয়েই সে সময় পার করেছে- সাফল্য এবং ব্যর্থতার অভিজ্ঞতা তার আছে।"
"সে জানে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড়ের কী প্রয়োজন" যোগ করেন ফার্গুসন।
এদিকে, নেদারল্যান্ডসের একটি পত্রিকায় বলা হয়, দেশটির জাতীয় দলের কোচ লুইস ফন গালই হতে যাচ্ছেন ইউনাইটেডের পরবর্তী কোচ। ব্রাজিলে আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব নেবেন তিনি।
তবে ডাচ পত্রিকার খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ।
