চেলসির ওপরই চাপ দেখছেন রজার্স
২৪ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয়ের খুব কাছে লিভারপুল। রোববার নিজেদের মাঠে চেলসির বিপক্ষে জিতলেই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চেলসিই চাপে থাকবে বলে মনে করেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স।
চেলসি লিভারপুলের কাছে রোববারের ম্যাচটি হেরে গেলে লিগ জয়ের শেষ আশাটুকুও নিভে যাবে। ম্যানচেস্টার সিটির স্বপ্নেও একটা বড় ধাক্কা লাগবে এতে।
এই ম্যাচ নিয়ে তাই চেলসি ও ম্যান সিটিই চাপে থাকার কথা বলে মনে করেন লিভারপুল কোচ।
“সবাই চাপের কথা বলছে। তবে চাপটা আসলে ম্যানচেস্টার সিটি আর চেলসির। আপনি যখন এত টাকা খরচ করবেন, তখন শিরোপা জিততে তো চাইবেনই।”
নিজেদের চাপ প্রসঙ্গে রজার্স বলেন, “যা কিছুই ঘটুক, দারুণ একটি মৌসুম কেটেছে আমাদের।”
নিজেদের মাঠে সান্ডারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর চেলসির লিগ শিরোপা জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। কিন্তু ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির সহকারী কোচের দায়িত্বে থাকা রজার্স জানেন, জোসে মরিনিয়ো আশা ছেড়ে দেয়ার পাত্র নন।
“জোসে একজন বিজয়ী। সে আসলে আশা ছেড়ে দেয়ার লোক নয়।”
