ফেলপসের ফিরে আসা
কোনো স্বর্ণপদক জিততে পারেননি, সুইমিংপুলে নতুন কোনো বিশ্ব রেকর্ডও গড়েননি; তবে প্রতিযোগিতামূলক সাঁতারে ফিরে এসে ঠিকই আলোড়ন তুলেছেন মাইকেল ফেলপস।
একমাত্র সময়ই বলতে পারবে ফেলপস রিও দি জেনিইরোতে ২০১৬ সালের অলিম্পিকে খেলবেন কিনা; তার ১৮টি অলিম্পিক সোনার পদকের সংগ্রহ আরো বাড়বে কিনা। তবে আপাতত বলা যায়, সবকিছুই ঠিক পথেই এগুচ্ছে।
২৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই সাঁতারু ফেরার জন্য অ্যারিজোনার ফিনিক্সের ছোট একটা প্রতিযোগিতাকে বেছে নেন। অংশ নিয়েছেন মাত্র দুটি ইভেন্টে। তবে এটা স্পষ্ট হয়েছে যে, তিনি চাইলে পারবেন।
বৃহস্পতিবার অ্যারিজোনার ১০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে ফেলপস সময় নিয়েছেন ৫২.১৩ সেকেন্ড। প্রথম হওয়া রায়ান লোকটি সময় নিয়েছেন ৫১.৯৩ সেকেন্ড।
২০ মাস পর প্রত্যাবর্তনের প্রতিযোগিতায় ফেলপস ভক্তদের প্রত্যাশা পূরণ না করতে পারলেও একটা ইঙ্গিত অন্তত মিলেছে – এখনও ফুরিয়ে যাননি সর্বকালের সেরা এই সাঁতারু।
শুক্রবার সংবাদমাধ্যমকে ফেলপস বলেন, "আমার মনে হয়, সব মিলিয়ে ভালোই হয়েছে। আমি খুব রোমাঞ্চিত ছিলাম...আবার নিজেকে কিশোর মনে হচ্ছিল।"
এত অর্জন আর সাফল্যের পরও ফেলপস এবং তার দীর্ঘ সময়ের কোচ বব বোম্যান সবসময়ই তাদের পরিকল্পনা নিয়ে একটু ধীরেই এগুচ্ছেন। দুজনেই জানিয়েছেন, তাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা আপাতত নেই।
তবে নির্ভার ফেলপস জানান, তিনি পুরো ব্যাপারটি উপভোগ করছিলেন এবং টাইমিং বলছে তিনি এখন ভালো অবস্থায়ই আছেন।
ফেরার বিষয়টি নিয়ে ফেলপস বেশ রোমাঞ্চিত।
"আমি সত্যিকার অর্থেই খুব রোমাঞ্চিত। সাঁতার চালিয়ে যেতে চাইলে এবং আরো দ্রুত সাঁতরাতে হলে আমাকে কি করতে হবে, সেটা আমি জানি। আর আমি সবসময়ই প্রত্যেকটি প্রতিযোগিতায় দ্রুত থেকে দ্রুততর সাঁতরাতে চাই।
রিও অলিম্পিক এখনো দুই বছরের অপেক্ষা। আপাতত ফেলপস আর তার কোচ বোম্যানের পরিকল্পনা নিকট ভবিষ্যতের কিছু প্রতিযোগিতা নিয়ে। আগামী মাসে উত্তর ক্যালিফোর্নিয়ার শার্লটে ইউএসএ গ্রাঁ প্রিঁতে সাঁতরাবেন ফেলপস। এর পর সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু জায়গায় সাঁতরানোর কঠোর অনুশীলনের জন্য যাবেন কলোরাডোয়।
অলিম্পিকে ১৮টি সোনা জয়ের রেকর্ড গড়া ফেলপস ক্যারিয়ারে মোট ৫৮টি সোনার পদক জিতেছেন।
