গলফারদের সংবর্ধনা পেলেন সিদ্দিকুর
ইউরেশিয়া কাপে এশিয়া দলের হয়ে সাফল্য পাওয়া সিদ্দিকুর রহমানকে এবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এই সংবর্ধনা দেয়া হয় তাকে।
মালয়েশিয়ায় ইউরেশিয়া কাপের প্রথম আসরে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় এশিয়া ও ইউরোপ। বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর এশিয়ার হয়ে দারুণ নৈপুণ্য দেখান।শেষ রাউন্ডের দারুণ নৈপুণ্যে ট্রফিটা ইউরোপে যাওয়া ঠেকিয়েছে সিদ্দিকুরের দল এশিয়া। টুর্নামেন্টে দুই দলে ১০ জন করে গলফার খেলে।সংবর্ধনা অনুষ্ঠানে সিদ্দিকুর গলফে সরকার ও পৃষ্ঠপোষকদের সহায়তা চান।“বরং ক্রিকেটের চেয়েও গলফ কিছু কিছু ক্ষেত্রে বেশি সফলতা এনে দিতে পারে। এ জন্য প্রয়োজন সরকার ও স্পন্সরদের এগিয়ে আসা। ফুটবল ও ক্রিকেটে প্রশিক্ষণের জন্য বিদেশ থেকে কোচ আসছে। গলফারদের জন্যও এমন উদ্যোগ নেয়া প্রয়োজন।”সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। গলফার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম আক্তার এ সময় উপস্থিত ছিলেন।এর আগে গত শুক্রবার যৌথভাবে সিদ্দিকুরকে সংবর্ধনা দেয় গ্রামীণফোন, বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাব।আগামী বেশ কয়েকদিন সিদ্দিকুরের ব্যস্ত সূচি থাকছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে মালয়েশিয়ায় যাবেন তিনি। পরে ইন্দোনেশিয়ায় ও দক্ষিণ কোরিয়ায় খেলতে যাবেন তিনি।
