আবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ
মাঝে কয়দিন বিরতি দিয়ে মঙ্গলবার ফের মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসির মধ্যকার কোয়ার্টার-ফাইনাল ম্যাচ দিয়ে আসরটি শুরু হতে যাচ্ছে।
বঙ্গবন্ধু জতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে এই দুই দলের সেমি-ফাইনালে ওঠার লড়াই। বিজেএমসি ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং ব্রাদার্স ইউনিয়ন ‘ঘ’ গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে ওঠে।ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈমউদ্দিন তার দলের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তিনি বলেন, “বিজেএমসি দল হিসেবে যথেষ্টই শক্তিশালী। এই দলে বেশ কয়েকজন ভালোমানের ফুটবলার আছে। তারা আমার দলের জন্য হুমকি হতে পারে। বিশেষ করে তাদের মিডফিল্ড ও অ্যাটাকিং বিভাগ বেশ শক্তিশালী।”“অবশ্য বিজেএমসিকে হারানোর মতো সামর্থ্য আমার দলের আছে। তাই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে বলে আমার বিশ্বাস। তবে আমার দলের জয়ের ব্যাপারে আমি দৃঢ় আশাবাদী।”
বিজেএমসি কোচ আলী আজগর নাসিরও তার দলকে শেষ চারে নিয়ে যেতে আশাবাদী। তিনি বলেন, “প্রতিপক্ষ হিসেবে ব্রাদার্সকে খাটো করে দেখার মোটেও অবকাশ নেই। দলটিতে বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে তারা পারে ম্যাচের চিত্র পাল্টে দিতে। তারপরও আমরা তাদের হারিয়ে শেষ চারে খেলতে আশাবাদী।”
“তাছাড়া নকআউট পর্বের এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে আমাদের। তাই এই বিষয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে,” যোগ করেন বিজেএমসি কোচ।
এদিকে কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচগুলোতে বুধবার শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাব, বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং শুক্রবার আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে।
এরপর আবার তিনদিন বিরতি দিয়ে ৮ ও ৯ এপ্রিল দুটি সেমি-ফাইনাল ও ১২ এপ্রিল হবে ফাইনাল। সবগুলো ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
