ইউরেশিয়া কাপের সূচনায় ব্যর্থ সিদ্দিকুরের এশিয়া
প্রথমবারের মতো আয়োজিত ইউরেশিয়া কাপের প্রথম রাউন্ডে ইউরোপের গলফারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সিদ্দিকুর রহমানসহ এশিয়ার গলফাররা।
মালয়শিয়ার গ্লেনমারি গলফ ও কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডের 'ফোরবল' লড়াইয়ে ৫-০ ব্যবধানে জিতেছে অভিজ্ঞ ইউরোপীয় দল।প্রথম ম্যাচে ইউরোপের অধিনায়ক স্পেনের মিগুয়েল আনহেল হিমেনেস স্বদেশী পাবলো লারাসাবালের সঙ্গে জুটি বেধে হারিয়েছেন এশিয়ার অধিনায়ক থংচাই জাইদি ও কিরাদেক আফিবার্নরাতকে।জাপানের কউমে ওডা ও হিদেতো তানিহারা জুটিকে হারিয়ে ইউরোপের পক্ষে দ্বিতীয় পয়েন্ট তুলে নেন ডেনমার্কের টমাস বিয়র্ন ও থরবিয়র্ন ওলেসেন জুটি।থাইল্যান্ডের প্রয়াদ মার্কসায়েংয়ের সঙ্গে জুটি বেধে খেলতে নামেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে তাদেরকে হারান ইউরোপের ভিক্টর ডুবুইসোন ও ইউস্ট লুইটেন।ভারতের জুটি গগনজিত ভুলার ও অনির্বান লাহিরিকে হারান ইউরোপের গনসালো ফার্নান্দেস-কাসতানো ও স্টিফেন গ্যালাগার জুটি।আর দিনের শেষ ম্যাচে ইউরোপের গ্রায়েম ম্যাকডাওয়েল ও জেমি ডোনাল্ডসন জুটি হারিয়েছেন কিম হিউং সুং ও নিকোলাস ফুংকে।তবে প্রথম দিনে ইর্ষনীয় সাফল্য পেলেও দ্বিতীয় রাউন্ডের ব্যাপারে সতর্ক ইউরোপের অধিনায়ক হিমেনেস।"কি হবে আমি জানি না। কারণ ফোরবল সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের খেলা।"শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে 'ফোরসাম' –এ লড়বে দুই মহাদেশের গলফাররা।এদিকে প্রথম দিনে হতাশাজনক খেলার পর ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী এশিয়ার অধিনায়ক থংচাই।"আগামীকাল আমরা (ভালো করার) চেষ্টা করবো এবং খেলার পরিকল্পনাতেও আমরা পরিবর্তন আনবো। আমরা কঠোর পরিশ্রম করবো যেন সিঙ্গেল শুরুর আগে কিছু পয়েন্ট পেতে পারি।"প্রতিযোগিতার শেষ রাউন্ডে হবে একক প্রতিযোগিতা।
