আবাহনীর সঙ্গে ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান
দুই চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেডের লড়াইয়ে কেউ জিতেনি। শনিবার স্বাধীনতা কাপে ‘খ’ গ্রুপের এই ম্যাচে ঐতিহ্যবাহী দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে।
এই ড্রয়ের ফলে দুই দলেরই সংগ্রহ দাঁড়ায় সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে মোহামেডান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আবাহনী হয়েছে রানার্সআপ।ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। ১০ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মোহামেডানকে এগিয়ে দেন।মূলত ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফের ভুলেই আবাহনী গোলটি হজম করেছে। গোলরক্ষককে লক্ষ্য করে সামাদ হেড করেছিলেন; কিন্তু এমিলি দৌড়ে এসে বলটি ধরে আবাহনী গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ান।এর ৭ মিনিট পর মোহামেডান ফরোয়ার্ড জাহিদ হোসেনের চমৎকার ক্রসে আরেক ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের হেড সাইডবার ঘেষে বাইরে চলে যায়।৫৪তম মিনিটে ঘানান ফরোয়ার্ড আউডু ইব্রাহিমের অসাধারণ একটি গোলে আবাহনী সমতা আনে। স্বদেশী স্ট্রাইকার মরিসনের বাড়িয়ে দেয়া বল নিয়ে ইব্রাহিম বক্সে ঢুকে দুরহ কোণে শট করে বল জালে জড়ান বল। গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু বলের লাইনে থেকেও গোল ঠেকাতে পারেননি।শেষ পর্যন্ত দু’দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে।এদিকে টুর্নামেন্টের শেষ আটের লাইনআপ চূড়ান্ত হয়েছে।৩০ মার্চ বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন, ৩১ মার্চ ফেনী সকার ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র, ১ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ২ মার্চ আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে।
