২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ছেড়ে মাদক মামলার হাজিরায় পারনেল

দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিলেন ওয়েইন পারনেল। কিন্তু এখন বিশ্বকাপ ছেড়ে তাকে যেতে হচ্ছে মুম্বাইয়ে মাদক মামলার হাজিরা দিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 08:25 PM

Updated : 13 Oct 2022, 11:57 AM

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে ২০১২ সালের আইপিএল চলাকালে মাদক সম্পর্কিত একটি মামলায় আদালতে হাজির হতে হবে পারনেলকে। ফলে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না পারনেল। অবশ্য বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম দুটি ম্যাচেও দলে ছিলেন না তিনি।

দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহাম্মেদ মুসেজি বলেন, "গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের মাঝে তাকে হারানোটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আইনকে আমাদের শ্রদ্ধা তো করতেই হবে। ওয়েইন বলেছে সে কোনো অন্যায় করেনি। তাই আমরা আশা করছি, খুব দ্রুতই মামলার নিষ্পত্তি হবে।"

২০১২ সালের ২০ মে মুম্বাইয়ে এক অনুষ্ঠান থেকে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলা পারনেলসহ ৯০ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৮৬ জনের শরীরে মাদক পাওয়া যায়।

গত বছর মুম্বাইয়ের এক আদালত থেকে জামিন নেন পারনেল। বৃহস্পতিবারে আবার আদালতে হাজিরা দিয়ে পরের দিন বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। চট্টগ্রামে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।