অনুশীলনের সুযোগ পেল মোহামেডানের ৬ ফুটবলার
জাতীয় ফুটবল দলের দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৬ ফুটবলার।
প্রথম দিনের প্রথম পর্বের অনুশীলনে না আসায় মোহামেডানের এই ৬ ফুটবলারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের বুধবার পরের পর্বের অনুশীলনে যোগ দিতে দেয়া হয়নি।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, মোহামেডানের ফুটবলারদের জবাব সন্তোষজনক হওয়ায় বাফুফে তাদের ক্যাম্পে যোগ দিতে দেয়।
অবশ্য ক্যাম্পে যোগ দেয়ার পর চোটের কারণে মোহামেডান ফরোয়ার্ড জাহিদ হোসেনকে আবার ছেড়ে দেয়া হয়েছে। তাই তিনি নিজ ক্লাবে ফিরে যান।
দলের সহকারী কোচ রেনে কোস্টার জানান, জাহিদের পায়ে চোট সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগবে। তাই ৫ মার্চে গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে জাহিদকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এদিকে প্রিমিয়ার লিগের শুক্রবারের ম্যাচটি বাতিল করে দেয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ১১জন ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ২ ফুটবলারও বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার তাই এদিন কোচ লোডভিক ডি ক্রুইফ ২৬ জন ফুটবলারকে ক্যাম্পে পেয়েছেন। চূড়ান্তভাবে নির্বাচিত ১৯ জনকে নিয়ে তিনি ভারতের উদ্দেশে রওনা হবেন ২ মার্চ। ডেনমার্ক থেকে সরাসরি এই দলের সঙ্গে ভারতে যোগ দেবেন বাংলাদেশের বংশোদ্ভূত ডেনমার্কের খেলোয়াড় জামাল ভুইয়া। যদিও আগেরদিন পর্যন্ত বাফুফে নিশ্চিত ছিল না তিনি আসবেন কিনা। বৃহস্পতিবারই জামাল নিশ্চিত করেছেন তিনি এই ম্যাচটি খেলবেন।
জামাল কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন।
জাতীয় দল ঢাকায় না ফেরা পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রিমিয়ার লিগের বাকি থাকা দুটি ম্যাচ আপতত হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাফুফে সাধারণ সম্পাদক জানান, জাতীয় দল ঢাকায় ফেরার পর এই দুটি ম্যাচের নতুন তারিখ ঠিক করা হবে।
অনুশীলনে না আসায় নোটিশ ৬ ফুটবলারকে
