হকি লিগে ঊষা ও আবাহনীর জয়
প্রিমিয়ার হকি লিগের সুপার ফোরে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ১৩-১ গোলে অ্যাজাক্স ক্লাবকে এবং ঊষা ৪-০ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।ঊষার হয়ে মামুনুর রহমান চয়ন ও কৃষ্ণ কুমার দুটি করে গোল করেছেন।আবাহনীর বিশাল জয়ের নায়ক দুই পাকিস্তানি আব্দুল হাশিম খান ও কাশিফ আলী। দুজনেই তিনটি করে গোল করেন। তবে পর-পর তিন গোল করায় হ্যাটট্রিক হয়েছে শুধু হাশিম খানের।
এছাড়া পুস্কর খীসা মিমো ও রোম্মান সরকার দুটি করে এবং আমির শাহজাদা, মুসা মিয়া ও হাসান জোবায়ের নিলয় একটি করে গোল করেন। অ্যাজাক্সের সান্ত্বনাসূচক গোলদাতা রাহাত সারোয়ার।
৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ঊষা। সমান ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান দ্বিতীয়।
রোববার শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র করলেই ঊষা চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর আবাহনী জিতলে শিরোপার নিষ্পত্তির জন্য দুই দলকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
